সরকারের সঙ্গে শান্তি আলোচনা নাকচ করে দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। জঙ্গি সংগঠনটি গতকাল শুক্রবার ঘোষণা দিয়েছে, তারা সরকারের বিরুদ্ধে বড় পরিসরে প্রতিশোধমূলক হামলা শুরু করবে।
কট্টরপন্থী মোল্লা ফজলুল্লাহকে টিটিপি নতুন নেতা হিসেবে বেছে নেওয়ার পর এ ঘোষণা এল। ১ নভেম্বর মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় টিটিপির প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর গত বৃহস্পতিবার সংগঠনটি নতুন প্রধান হিসেবে ফজলুল্লাহর নাম ঘোষণা করে।
মেহসুদ হত্যার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে টিটিপির অন্তর্বর্তী প্রধান আসমাতুল্লাহ শাহিন ভিত্তানি গতকাল অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা নিরাপত্তা বাহিনী, সরকারি স্থাপনা, রাজনৈতিক নেতা ও পুলিশকে লক্ষ্যবস্তু করব।’
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক শক্ত ঘাঁটি পাঞ্জাব প্রদেশে থাকা সেনাবাহিনী ও সরকারি স্থাপনাগুলো তালেবানের প্রধান লক্ষ্যবস্তু হবে জানিয়ে ভিত্তানি আরও বলেন, ‘আমাদের একটি পরিকল্পনা রয়েছে। তবে আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই, আমরা বেসামরিক লোকজন, বাজারঘাট বা লোকালয়গুলোকে লক্ষবস্তু করব না।’
পাকিস্তানের সরকার জনসমক্ষে মার্কিন ড্রোন হামলার নিন্দা জানিয়ে আসছে। তারা বলে থাকে, এটা দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে। তবে গোপনে দেশটির কর্মকর্তারা এটা স্বীকার করেছেন যে মোটাদাগে এ ধরনের হামলাগুলোর প্রতি সরকারের সমর্থন রয়েছে।
সাক্ষাৎকারে আসমাতুল্লাহ শাহিন বলেন, ‘ড্রোন হামলাগুলোর বিষয়ে ঠিকই পাকিস্তান সরকারের কাছে পূর্ণাঙ্গ তথ্য আছে। পাকিস্তান আমেরিকার দাস। পাকিস্তান ও তালেবান নেতাদের মধ্যে শান্তি আলোচনা শত্রুদের একটি ফাঁদ ছাড়া আর কিছুই নয়।’
টিটিপির মুখপাত্র শহিদুল্লাহ শহিদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘শান্তি আলোচনায় বসার বিষয়টি, এমনকি আলোচনা করার মতো কোনো বিষয়ও নয়—এই সরকারের কোনো কর্তৃত্ব নেই।’ শান্তি আলোচনায় বসা কেবল ‘সময়ের অপচয়’ বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার ফজলুল্লাহর টিটিপির নতুন নেতা নির্বাচিত হওয়ার খবর ঘোষণা করা হলে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহে বন্দুকের মুহুর্মুহু গুলি ছোড়ার মাধ্যমে তা উদ্যাপন করা হয়। আনুমানিক ৩৫ থেকে ৩৯ বছর বয়সী ফজলুল্লাহ ২০০৮ থেকে ২০০৯ সালে সোয়াত উপত্যকায় নির্মম অভিযানে নেতৃত্ব দেন। জঙ্গিরা কট্টর শরিয়া আইন চালু করে সেখানকার স্কুলগুলো পুড়িয়ে দেয়। অনেক লোকের শিরশ্ছেদ করা হয়। পরে ওই এলাকার নিয়ন্ত্রণ নিতে সরকার সামরিক অভিযান চালালে অনুসারীদের নিয়ে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে আশ্রয় নেন ফজলুল্লাহ। গত বছরের ৯ অক্টোবর এই ফজলুল্লাহর অনুসারীরাই আলোচিত নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে গুলি করে আহত করেছিল।
ফজলুল্লাহ পাকিস্তানে সম্প্রতি এসেছেন: টিটিপির নতুন প্রধান ফজলুল্লাহ আফগানিস্তানে ছিলেন। তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনা শুরুর প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি তিনি পাকিস্তানে এসেছেন। বৃহস্পতিবার সিনেটে এমনটাই ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। এদিকে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে চলমান জটিলতা নিরসনে বৃহস্পতিবার সরকারের কাছে ১১ দফার একটি পরিকল্পনা উপস্থাপন করেছে প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
মোল্লা ওমরের ‘সমর্থন’: আফগানিস্তান তালেবানের প্রধান মোল্লা ওমরের সমর্থন ছাড়া ফজলুল্লাহকে টিটিপির প্রধান হিসেবে নির্বাচন করা সম্ভব হয়নি। সূত্রের বরাত দিয়ে গতকাল এ খবর ছেপেছে পাকিস্তানের পত্রিকা দ্য নিউজ ইন্টারন্যাশনাল। বিবিসি ও ডন।