শান্তি আলোচনা নিয়ে আফগান-মার্কিন দ্বন্দ্ব

আফগানিস্তানে তালেবান বাহিনীর সঙ্গে সরকারের শান্তি আলোচনাকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র ও সরকারের মতবিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। আফগান সরকার আজ বুধবার শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের প্রসঙ্গ তুলে অনির্দিষ্টকালের জন্য আলোচনা স্থগিত করেছে। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘শান্তি প্রতিষ্ঠায় আফগানদের নিজেদের মধ্যে আলোচনা হতে হবে।’
রয়টার্স জানায়, জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা আজ বলেন, সরকার ও তালেবান বাহিনী পরস্পরের প্রতি অবিশ্বস্ত থাকলেও সংঘাতের সমাধানে তাদের আলোচনায় বসতে হবে। ওবামা গতকাল মঙ্গলবার বলেছিলেন, ১২ বছর ধরে চলা যুদ্ধ অবসানে আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র তালেবানদের সঙ্গে আলোচনা শুরু করবে। তবে তাঁর এ ঘোষণায় দারুণ চটে গেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ওবামা আজ বলেন, ‘আমরা বিশ্বাস করি, বছরের পর বছর ধরে চলা সংঘাত অবসানে এবং দেশ গঠনের স্বার্থে আফগানরা শেষ পর্যন্ত নিজেদের মধ্যে আলোচনা চালানোর প্রয়োজন বোধ করছে।’
যুক্তরাষ্ট্রের আচরণে ক্ষুব্ধ হয়ে হামিদ কারজাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সেনা মোতায়েন-সংক্রান্ত এক আলোচনা স্থগিত করেছেন। এ ঘটনার পর ওবামা বলেন, আফগান বাহিনী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর কাছ থেকে অবিলম্বে নিরাপত্তার দায়িত্ব বুঝে নেওয়ার ঘোষণা দেওয়ায় যুক্তরাষ্ট্র কারজাইকে স্বাগত জানায়।
উত্তর আয়ারল্যান্ডে জি-এইট সম্মেলন শেষে ওবামা আজ দুদিনের সফরে জার্মানি পৌঁছেছেন। সেখানে তিনি জার্মান কর্তৃপক্ষের সঙ্গে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ওয়্যারহেডের সংখ্যা কমানো নিয়ে আলোচনা করবেন।
আফগান রোষে কেন্দ্রে দপ্তরের নাম
যুক্তরাষ্ট্রের আচরণে ক্ষুব্ধ হয়ে আফগান সরকার তালেবান বাহিনীর সঙ্গে কাতারের দোহায় পূর্বঘোষিত আলোচনা স্থগিত করেছে। অবশ্য এ আলোচনার আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। সরকারের তরফ থেকে আজ জানানো হয়েছে, আলোচনা হতে হবে ‘আফগানদের নেতৃত্বে’।
প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বাসায় আলোচনার পর সরকারের পক্ষ থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক অগ্রগতি বলছে, কাতারে তালেবানদের দপ্তর স্থাপনের পেছনে বিদেশিদের হাত আছে এবং তারা (আলোচনায় অংশগ্রহণকারীরা) পুরোপুরি আফগান না হলে উচ্চতর শান্তি কমিটি (এইচপিসি) আলোচনায় অংশ নেবে না।’ তালেবান বাহিনীর সঙ্গে শান্তি আলোচনায় সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত দপ্তরে নাম উচ্চতর শান্তি কমিটি।
কাতারে তালেবানদের দপ্তর খুলতে যুক্তরাষ্ট্র সহায়তা করে শান্তি আলোচনাকে প্রভাবিত করতে চাইছে বলে মার্কিনদের সমালোচনা করা হয় ওই বিবৃতিতে।
এএফপির বরাতে ‘দ্য ডন’-এর খবরে বলা হয়েছে, তালেবানদের দোহা কার্যালয় নিয়ে আফগান সরকারের উষ্মার কেন্দ্রে রয়েছে ওই কার্যালয়ের নাম। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানেরা আফগানিস্তানের যে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল সেটির নাম ছিল ‘ইসলামিক আমিরাত আফগানিস্তান’। এবার দোহায় তালেবান বাহিনী যে কার্যালয় খুলেছে সেটির নামও তা-ই।
শান্তি আলোচনা বয়কট করার সিদ্ধান্ত জানিয়ে কারজাইয়ের মুখপাত্র আইমল ফৈজি এএফপিকে বলেন, ‘শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র সরকার যা বলছে আর যা করছে, তার মধ্যে অনেক ফারাক। এ কারণে আজ সকালে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছেন।’
ফৈজি বলেন, ‘কার্যালয়ের যে নাম দেওয়া হয়েছে, তাতে প্রেসিডেন্ট সন্তুষ্ট নন। “ইসলামিক আমিরাত আফগানিস্তান” কোনো কিছুর নাম হতে পারে না, কারণ এ ধরনের কোনো কিছুর অস্তিত্ব নেই।’ তিনি এ-ও জানান যে, ‘প্রেসিডেন্টের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র পুরোপুরি সচেতন।’