শান্তি আলোচনা ব্যর্থ হলে একঘরে হবে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের উদ্যোগে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ইতিবাচক মানসিকতা নিয়ে অংশ নিতে ইসরায়েলের প্রতি সতর্কবার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, আলোচনা ব্যর্থ হলে ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে যেতে পারে। তখন সেটি ঠেকানো ওয়াশিংটনের জন্য
কঠিন হবে।
নিউইয়র্কভিত্তিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ নিউজের সম্পাদকীয় বিভাগ ব্লুমবার্গ ভিউয়ের সঙ্গে সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেন। গত রোববার প্রকাশিত ওই সাক্ষাৎকারে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে তেহরানকে সময় দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা প্রসঙ্গে ওবামা বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তির ‘জানালা বন্ধ হতে চলেছে’। এই ‘মুহূর্তটি ধরে ফেলে’ একটি চুক্তির রূপরেখায় পৌঁছাতে সহায়তার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান তিনি। ওবামা ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন করেন, এখন সমঝোতায় না এলে কখন আসবেন? প্রধানমন্ত্রী হিসেবে আপনি এগিয়ে না এলে কোন প্রধানমন্ত্রী আসবেন?
মার্কিন প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা ব্যর্থ হলে আর ইসরায়েল পশ্চিম তীরে অধিকৃত ভূখণ্ডে বসতি স্থাপন অব্যাহত রাখলে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের একঘরে হয়ে যাওয়া ঠেকানো যুক্তরাষ্ট্রের জন্য খুব কঠিন হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা এগিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ইসরায়েল অধিকৃত ভূমিতে ইহুদি বসতি স্থাপনা অব্যাহত রাখায় আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আপাতত কোনো সম্ভাবনা না থাকায় ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়টিও বিবেচনা করছে।
ওবামার বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলের কৌশলবিষয়ক মন্ত্রী জুভাল স্টেইনিৎজ বলেন, ইসরায়েলও শান্তি চায়। কিন্তু তা কোনোভাবেই ইহুদি রাষ্ট্রের কাঠামোকে ঝুঁকিতে ফেলে নয়।
ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ওবামা বলেন, তেহরানকে তাঁর অঙ্গীকার পূরণের জন্য কিছুটা সময় দেওয়া উচিত—এ বিষয় নেতানিয়াহুকে বোঝাবেন তিনি।
তেহরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে গত নভেম্বরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যে অন্তর্বর্তী সমঝোতা করেছে, শুরু থেকেই সেই সমঝোতাকে সন্দেহের চোখে দেখছে ইসরায়েল। এএফপি ও রয়টার্স।