শান্তি আলোচনা ব্যর্থ হলে সরকার ভেঙে দেওয়া হবে: আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হয়ে গেলে পশ্চিম তীরের স্বশাসিত সরকার ভেঙে দেওয়া হবে। সেই সঙ্গে পশ্চিম তীরের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, চলমান সংকট সমাধানে ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষ (পিএনএ) ভেঙে দেওয়াই হবে সর্বশেষ সমাধান।মাহমুদ আব্বাস গত শনিবার ফিলিস্তিনের স্যাটেলাইট টেলিভিশন প্যালেস্টাইন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, এ ব্যাপারে ইসরায়েলের সঙ্গে অনেকবার কথা হয়েছে। শান্তি আলোচনা ব্যর্থ হলে পিএনএ ভেঙে দেওয়ার বিষয়টি ইসরায়েলকে জানানো হয়েছে।ফিলিস্তিনি নেতার এমন কড়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মধ্যপ্রাচ্য শান্তিচুক্তির সম্ভাবনা নিয়ে আবারও শঙ্কা দেখা দিল। আব্বাস সত্যিই এমন সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে আবার পশ্চিম তীরের ২২ লাখ মানুষের দায়িত্ব নিতে হবে। মধ্যবর্তী শান্তিচুক্তি অনুযায়ী ১৯৯৪ সালে পিএনএ গঠন করে এই দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছিল ইসরায়েল।সরকার ভেঙে দেওয়ার ক্ষেত্রে মাহমুদ আব্বাস অভ্যন্তরীণ বিরোধিতার মুখোমুখি হতে পারেন। কেননা, তিনি এরই মধ্যে পশ্চিম তীরের দেড় লাখ লোককে চাকরি দিয়েছেন। তাঁরা চাইবেন না পশ্চিম তীরের নিয়ন্ত্রণ আবারও ইসরায়েলের হাতে চলে যাক। ফিলিস্তিনের স্বশাসিত সরকার বছরে কোটি কোটি ডলার বিদেশি সাহায্য পেয়ে থাকে। বর্তমানে পশ্চিম তীরের ৪০ ভাগের নিয়ন্ত্রণ ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে। বাকি ৬০ ভাগ নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। এ ব্যাপারে আব্বাস বলেন, ‘শান্তি আলোচনা ব্যর্থ হয়ে গেলে অস্তিত্বহীন একটি সরকারের প্রেসিডেন্ট হিসেবে আর দায়িত্ব পালন করতে চাই না। বাস্তবে পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ নেই।’ তিনি বলেন, ‘ইসরায়েলের অনুমতি ছাড়া আমি আজও রামাল্লা ছাড়তে পারি না আবার সেখানে ঢুকতেও পারি না।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ইসরায়েল দখলদারিত্ব অব্যাহত রাখলে এমনই হবে। তখন ইসরায়েলকে তাদের দখল করা পুরো ফিলিস্তিন অঞ্চলেরই দায়িত্ব নিতে হবে।’ পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েল বসতি স্থাপন বন্ধ না করা পর্যন্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষ শান্তি আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিলেন। মাহমুদ আব্বাসের পিএনএ ভেঙে দেওয়ার হুমকি তারই অংশ। এএফপি।