মাওবাদীদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আকাশ গতকাল শনিবার শান্তি আলোচনায় সরকারের নিয়োগ করা মধ্যস্থতাকারীদের কাছে পাঠানো এক খোলা চিঠিতে বলেছেন, শান্তি আলোচনার জন্য মাওবাদীরা কখনো অস্ত্র সমর্পণ করবে না। ১৩ দফা দাবি-সংবলিত ওই চিঠিতে বলা হয়, রাজ্য সরকারের শান্তি আলোচনার উদ্যোগটা আসলে একটি কূটচাল। সরকার শান্তি আলোচনার জন্য আদৌ আন্তরিক নয়। এতে আরও বলা হয়, মুখ্যমন্ত্রী মাওবাদীদের নিয়ে অ-নাগরিকসুলভ ভাষা ব্যবহার করছেন।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের সঙ্গে শান্তি আলোচনা করতে ওই মধ্যস্থতাকারীদের নিয়োগ দেন। এই মধ্যস্থতাকারীরা মাওবাদী ও রাজ্য সরকারের সঙ্গে যোগসূত্র রক্ষা করে শান্তি আলোচনার পথে এগোলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি। গত ৪ অক্টোবর মাওবাদীরা এক বিবৃতিতে জানায়, তারা এক মাসের জন্য অস্ত্র সংবরণ করতে রাজি আছে; তবে রাজ্য সরকারকে এ সময়ে যৌথ অভিযান বন্ধ রাখতে হবে। এই প্রস্তাবে সাড়া দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ১৫ অক্টোবর ঝাড়গ্রামে এক জনসভায় মমতা মাওবাদীদের অস্ত্র সমর্পণ করে শান্তি আলোচনায় বসতে সাত দিনের সময় বেঁধে দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মাওবাদীরা মধ্যস্থতাকারীদের ওই চিঠি দেয়।