শান্তি আলোচনার নানা দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা গতকাল বুধবার জেরুজালেমে শুরু হয়েছে। আগামী নয় মাসের মধ্যে দুই পক্ষ শান্তিচুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে মধ্যস্থতাকারীরা 

ইসরায়েলের পক্ষে: বিচারমন্ত্রী সিপি লিভনি ও আইনি পরামর্শক ইৎজাক মলকো।
ফিলিস্তিনের পক্ষে: প্রধান মধ্যস্থতাকারী সায়েব এরেকাত এবং ফাতাহর কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ শতাইয়েহ।
যুক্তরাষ্ট্রের পক্ষে: ইসরায়েলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্টিন ইনডিক। গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এমনকি প্রেসিডেন্ট বারাক ওবামাও সহযোগিতা দেবেন।
সময়সূচি
গত জুলাইয়ের শেষ দিকে ওয়াশিংটনে আলোচনার সূচনার পর গতকাল মধ্যপ্রাচ্যে আলোচনা শুরু হয়। দুই পক্ষ আগামী নয় মাসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করবে। পরবর্তী আলোচনা ফিলিস্তিন কিংবা ওয়াশিংটনে হবে।
আলোচ্য বিষয়
‘চূড়ান্ত মর্যাদার’ বিষয়ে আলোচনায় এবার সবকিছু নিয়েই কথা হবে। এর মধ্যে ৫০ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তুর প্রত্যাবর্তনের অধিকার, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা, জেরুজালেমের ভবিষ্যৎ, ইহুদি বসতির ভবিষ্যৎ—এসব অন্তর্ভুক্ত। শান্তি আলোচনায় ফিলিস্তিনিদের অন্যতম প্রধান দাবি, অধিকৃত অঞ্চলে ইহুদি বসতি স্থাপন বন্ধ করা। কিন্তু ইসরায়েল বরাবরই এ দাবি উপেক্ষা করেছে। ইহুদি বসতি নির্মাণ বন্ধ না করার জেরে ২০১০ সালে শান্তি আলোচনা ভেস্তে যায়। বহু কাঠখড় পোড়ানোর পর নতুন আলোচনা শুরুর প্রাক্কালে নতুন করে প্রায় দুই হাজার ১০০ ইহুদি বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ১৯৬৭ সালের সীমানার ওপর ভিত্তি করে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। তবে এ প্রস্তাবে ইসরায়েল সহজে সম্মত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দীর্ঘদিন ধরে ইসরায়েলের কারাগারে আটক ১০৪ জন বন্দীর মুক্তি ফিলিস্তিনিদের অন্য একটি গুরুত্বপূর্ণ দাবি। এটি মেনে নিয়েছে ইসরায়েল।
পরবর্তী পদক্ষেপ
ফিলিস্তিনে বিনিয়োগ আকর্ষণ করতে মধ্যপ্রাচ্যের চার শক্তির সঙ্গে কাজ করছে ওয়াশিংটন। ফিলিস্তিনের অর্থনীতিতে গতি আনতে সেখানে ৪০০ কোটি ডলার বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।
যা অজানা
ভবিষ্যৎ চুক্তির ধরনসহ গুরুত্বপূর্ণ নানা তথ্যই অজানা থেকে যাচ্ছে। এমনকি আলোচনা কীভাবে শেষ হবে, এরও কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে যদি সমঝোতা হয়, তাহলে তা কিসের ভিত্তিতে হবে—এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি। এএফপি।