শান্তি আলোচনার পর যদি তালেবান ফিরে আসে...
তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরুর প্রক্রিয়া নিয়ে আফগানিস্তানের নারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ওই আলোচনার মাধ্যমে আবার তালেবানের কাবুলে ফিরে আসার পথ খুলে যেতে বলে তাঁরা আশঙ্কা করছেন।আফগান পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য শুকরিয়া বারাকাজি বলেন, ‘তালেবান আবার ক্ষমতায় ফিরে আসতে পারে ভেবে আমরা আশঙ্কা করছি।’যুক্তরাষ্ট্রের পরামর্শে কাতারে তালেবানের কার্যালয় খোলার ব্যাপারে আপত্তি জানিয়ে বারাকাজি বলেন, শান্তি প্রক্রিয়া নিয়ে আফগানিস্তানে যেকোনো আলোচনা হতে হবে। একই সঙ্গে আলোচনায় অবশ্যই নারীদের ভূমিকা থাকতে হবে। কাতারে আলোচনায় আফগানিস্তান সরকারের সঙ্গে তালেবানের কোনো চুক্তি হচ্ছে না।শুকরিয়া বারাকাজি বলেন, ‘আমরাও এই দেশের অংশীদার। তারা কোনোভাবেই আমাদের উপেক্ষা করতে পারে না। এটি ১৯৯৬ সালের নয়, ২০১২ সালের আফগানিস্তান।’আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তালেবানরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে কাতারে তালেবানদের একটি কার্যালয় খোলার চূড়ান্ত প্রস্তুতি চলছে।এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানরা আফগানিস্তানের শাসনক্ষমতায় ছিল। ওই সময় আফগান নারীরা সবচেয়ে বেশি নিগ্রহ ও নির্যাতনের শিকার হন। তালেবানরা ক্ষমতায় আসার পরই মেয়েদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। নারীদের ঘরের বাইরে গিয়ে কাজ করার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। বোরকা ছাড়া কেউ বাইরে বের হলে প্রকাশ্য রাজপথে সবার সামনে তাঁকে বেত্রাঘাত করা হতো।গত বছর আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, তালেবান শাসনের অবসানের পর ২০০১ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের সংখ্যা ছিল মাত্র পাঁচ হাজার। ২০১১ সালে ওই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লাখে। এ ছাড়া পার্লামেন্টের নিম্নকক্ষের ২৪৯ আসনের মধ্যে নারী সদস্যের সংখ্যা প্রায় ৭০ জন।কুন্দজ প্রদেশের আইনপ্রণেতা ফাতেমা আজিজ জানান, ‘তালেবানের বিদায়ের পর নারীরা যে স্বাধীনতা অর্জন করেছে, তা হারাতে চাই না।’ তবে আফগান উইমেনস নেটওয়ার্কের সভানেত্রী আফিফা আজিম জানান, নারীরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হলেও নীতিগতভাবে আমি শান্তি আলোচনার বিপক্ষে নই। তালেবানের অবশ্যই আফগানিস্তানের সংবিধান এবং আফগান নারীদের অধিকারের বিষয়টি মেনে নিতে হবে।’ এএফপি।