শান্তি আলোচনার লক্ষ্যে কাতার গেলেন কারজাই
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই গতকাল শনিবার কাতারে গেছেন। তালেবান কাতারে শান্তি আলোচনার জন্য অফিস খুলবে, এ বিষয়ে আলোচনার জন্য তিনি সেখানে গেলেন। এ বছরের শুরুর দিকেও শান্তি আলোচনার জন্য কাতারে তালেবানের অফিস খোলার ঘোরবিরোধী ছিলেন কারজাই।তাঁর আশঙ্কা ছিল, দেশের বাইরে তালেবানের সঙ্গে আলোচনায় বসলে তাঁর সরকারের কর্তৃত্ব কমে যাবে। অন্যদিকে তালেবানও কারজাইয়ের সঙ্গে সরাসরি আলোচনায় বসার ব্যাপারে অস্বীকৃতি জানায়। তালেবানের ভাষ্য, ২০০১ সালে তালেবান সরকারকে উৎখাতের পর যুক্তরাষ্ট্র কারজাইকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে সমর্থন দিয়েছে। কাজেই কারজাই যুক্তরাষ্ট্রের হাতের পুতুল।২০১৪ সাল নাগাদ আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের কথা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক ন্যাটো বাহিনীর। এ দিকটি বিবেচনা করে কাতারে তালেবানের অফিস খোলার বিষয়ে সম্মতি দিয়েছেন কারজাই। আশা করা হচ্ছে, আজ রোববার এ বিষয়ে কাতারের আমিরের সঙ্গে চূড়ান্ত আলোচনা করবেন কারজাই। তবে তালেবানের সঙ্গে আফগান সরকারের চূড়ান্ত শান্তি আলোচনার ক্ষেত্রে এখনো অনেক প্রতিবন্ধকতা রয়ে গেছে। এর মধ্যে আলোচনায় তালেবানের প্রতিনিধিত্ব কে করবেন, তা অন্যতম। আর কারজাই জোর দিয়েছেন, তাঁর নিযুক্ত ব্যক্তিরাই আলোচনার কেন্দ্রে থাকবেন।এর আগে যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা চালায় বলে খবর প্রকাশিত হয়। কিন্তু ওয়াশিংটন বরাবরই তা অস্বীকার করে আসছে। ধারণা করা হচ্ছে, শেষপর্যন্ত তালেবানের সঙ্গে কারজাই প্রশাসনের শান্তি আলোচনা সফলহলে আফগানিস্তানে বিদ্যমান সহিংস পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। এএফপি।