দক্ষিণ সুদানে গত বুধবারও সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক লড়াই হয়েছে। যদিও একজন মার্কিন কর্মকর্তা বলেন, দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতি হচ্ছে।
বিদ্রোহীদের একজন মুখপাত্র বলেন, সামরিক অভ্যুত্থান-চেষ্টার অভিযোগে আটক নেতাদের মুক্তি দেওয়া না হলে শিগগির অস্ত্রবিরতির সম্ভাবনা খুবই কম। তবে বিদ্রোহীদের এই দাবি আগেই নাকচ করে দিয়েছে সরকার।
চলমান সংকট সমাধানে মধ্যস্থতাকারীরা বলছেন, সরকারের হাতে আটক বিদ্রোহী নেতারাও বর্তমান সংকট থেকে উত্তরণে একটি রাজনৈতিক সমাধান চান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পিসাকি বলেন, দুই পক্ষের আলোচনায় অগ্রগতি হয়েছে। সরকারের হাতে আটক বিদ্রোহী নেতাদের মুক্তি নিয়ে দুই পক্ষ একক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে এটা সুস্পষ্ট, আলোচনা চলছে।
বিদ্রোহীদের নেতা সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের ঘনিষ্ঠ বলে পরিচিত শীর্ষস্থানীয় অন্তত ১১ জন নেতাকে আটক করে সরকার। ওই নেতাদের অনেকেই এর আগে দক্ষিণ সুদানের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পশ্চিমা কূটনীতিক ও পূর্ব আফ্রিকার আঞ্চলিক জোটের (আইজিএডি) নেতারা আটক নেতাদের মুক্তির জন্য সরকারের ওপর চাপ দিলেও সরকার নিজের অবস্থানে অনড় রয়েছে। এএফপি।