শান্তি আলোচনায় ইরানকে আমন্ত্রণ নাখোশ বিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডে কাল বুধবার শুরু হতে যাওয়া সিরিয়ায় শান্তিবিষয়ক আলোচনার প্রথম পর্যায়ে যোগ দেওয়ার জন্য ইরানকে আমন্ত্রণ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তেহরান বিশ্ব সংস্থার আমন্ত্রণ গ্রহণ করেছে।
তবে সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠী ইরানকে শান্তি আলোচনায় আমন্ত্রণ জানানোর খবরে নাখোশ হয়েছে। তারা হুমকি দিয়ে বলেছে, জাতিসংঘ মহাসচিবের এ আমন্ত্রণ প্রত্যাহার করতে হবে। ইরান যোগ দিলে তারা এ শান্তি আলোচনা থেকে নিজেদের সরিয়ে নেবে।
এদিকে বিরোধীদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির সম্ভাবনা উড়িয়ে দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল-আসাদ বলেছেন, আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন তিনি। এ জন্য ‘গুরুত্বপূর্ণ’ সুযোগ তৈরি হয়েছে। শান্তি আলোচনাকে সামনে রেখে গত রোববার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বাশার।
জাতিসংঘ মহাসচিব বলেন, সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে স্থিতিশীল করতে আলোচনায় গঠনমূলক ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেছে তেহরান।
সিরিয়ায় প্রায় তিন বছর ধরে প্রেসিডেন্ট বাশার-আল-আসাদবিরোধী লড়াইয়ে ইতিমধ্যে লক্ষাধিক মানুষ নিহত হয়েছে। ইরানের যোদ্ধারাও বাশারের অনুগত বাহিনীর পক্ষে লড়াই করছে। বিরোধীরা অনেক আগে থেকেই হুমকি দিয়ে আসছিল, ইরান আলোচনায় যোগ দিলে তারা নিজেদের সরিয়ে নেবে।
কাল সুইজারল্যান্ডের মন্ট্রিক্সে এই আলোচনা শুরু হলেও দুই দিন পর তা জেনেভায় অব্যাহত থাকবে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন জোর দিয়ে বলেন, ‘বিষয়টা পরিষ্কার করতে দিন। মন্ট্রিক্স সমঝোতার স্থান নয়। বরং সিরিয়ার সব পক্ষকে নিয়ে ২৪ জানুয়ারি জেনেভায় পূর্ণাঙ্গ আলোচনা শুরু হবে।’
বান কি মুনের ঘোষণার কিছুক্ষণ পরই ইরানের পক্ষ থেকে বলা হয়, তেহরান এই আমন্ত্রণ গ্রহণ করেছে। এর আগেও তেহরান বলে আসছিল, কোনো শর্ত ছাড়াই তারা আলোচনায় অংশ নিতে চায়।
সিরিয়ার সরকার এর আগেই এই আলোচনায় যোগ দেওয়ার বিষয়ে ঘোষণা দিয়েছে।
বান কি মুনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জানায়, সিরিয়ার অন্তর্বর্তী সরকার বিষয়ে ২০১২ সালের ৩০ জুনে হওয়া চুক্তিকে ইরান সমর্থন জানাবে, অবশ্যই এ শর্তে ইরানকে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানাতে হবে।
প্রেসিডেন্ট বাশার বলেন, সিরিয়ায় ‘সন্ত্রাসবাদবিরোধী’ লড়াই অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ‘আগামী জুনে প্রেসিডেন্ট নির্বাচন হবে। আমি কেন প্রার্থী হব না, এর কোনো কারণ খুঁজে পাই না। জনমত আমার পক্ষে। তাই প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ব্যাপারে সেকেন্ডের জন্যও দ্বিধা করব না।’
দামেস্কে প্রেসিডেন্টের প্রাসাদে প্রায় ৪৫ মিনিটের ওই সাক্ষাৎকার দেন বাশার। ২০০০ সালে বাবা হাফিজ আল-আসাদের মৃত্যুর পর গণভোটের মাধ্যমে বাশার (৪৮) সিরিয়ার ক্ষমতায় আসেন। এরপর ২০০৭ সালের জুলাইয়ে সাত বছর মেয়াদে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। প্রেসিডেন্ট বাশারের বাবা হাফিজ আল-আসাদ প্রায় ৩০ বছর দেশ শাসন করেন। এএফপি ও বিবিসি।