শান্তি আলোচনায় তালেবানের নিরাপত্তা বিবেচনা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে শান্তি আলোচনায় যোগ দিতে আগ্রহী তালেবান নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পথ বের করা হবে বলে জানিয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার ওই তিন দেশের কর্মকর্তারা এ কথা জানান।আফগান কর্তৃপক্ষের সঙ্গে তালেবানের শান্তি আলোচনায় অচলাবস্থা চলছে দীর্ঘদিন ধরে। এই আলোচনা নতুন করে শুরুর উদ্যোগ এবং পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইসলামাবাদে দুই দিন ধরে বৈঠক করছেন পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের কর্মকর্তারা।গতকাল এক যৌথ সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, আগ্রহী তালেবান নেতারা যাতে নির্ভয়ে শান্তি আলোচনায় অংশ নিতে পারেন, এ জন্য উপায় খুঁজে বের করা হবে। বিশেষজ্ঞ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে।আফগানিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী জাওয়েদ লুদ্দিন বলেন, ‘যাঁরা আলোচনায় আসতে চান, তাঁদের জন্য আমাদের একটি উপায় বের করতে হবে। তাঁদের এমন এক পরিবেশের নিশ্চয়তা দিতে হবে, যাতে তাঁরা নিজেদের নিরাপদ ভাবতে পারেন। কোনো ভয়ভীতি ছাড়া আলোচনায় অংশ নিতে পারেন।’ইসলামাবাদে তিন দেশের কর্মকর্তাদের বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ওয়াশিংটনের বিশেষ প্রতিনিধি মার্ক গ্রসম্যান। গত নভেম্বরে পাকিস্তান সীমান্তে ন্যাটোর হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় ইসলামাবাদ ও ওয়াশিংটনের সম্পর্ক অবনতি হওয়ার পর পাকিস্তান সফরে আসা মার্কিন কর্মকর্তাদের মধ্যে গ্রসম্যানই সবচেয়ে উচ্চপদস্থ।আফগান তালেবানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে এক বছরের বেশি সময় ধরে চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। আফগান যুদ্ধ সফলভাবে শেষ করতে হলে যুক্তরাষ্ট্রের জন্য তা খুব গুরুত্বপূর্ণ। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা। কিন্তু কর্মকর্তারা আশঙ্কা করছেন, তালেবানের সঙ্গে আফগান কর্তৃপক্ষের সমঝোতা না হলে বিদেশি সেনা চলে যাওয়ার পর আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।আফগান মন্ত্রী লুদ্দিন বলেন, ‘তালেবান নেতাদের শান্তি আলোচনায় আনার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের বিশেষজ্ঞরা তাঁদের সঙ্গে কথা বলতে পারেন।’ পাকিস্তানের পররাষ্ট্রসচিব জলিল জিলানি বলেন, শান্তি আলোচনায় তালেবানের অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের নিরাপত্তার পথ বের করতে হবে। এ জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন খুব গুরুত্বপূর্ণ।এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা পুনরায় শুরুর চেষ্টা করে গেলেও একের পর এক বিভিন্ন ঘটনায় তা বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে: মার্কিন বাহিনী পবিত্র কোরআনে আগুন দেওয়ার জের ধরে দাঙ্গা, মার্কিন বাহিনীর এক সদস্যের নির্বিচার গুলিতে ১৭ গ্রামবাসীর মৃত্যু এবং গত সপ্তাহে কাবুলের সুরক্ষিত এলাকায় ১৮ ঘণ্টা ধরে জঙ্গিদের হামলা। রয়টার্স।