শান্তি আলোচনায় বসার আহ্বান নেতানিয়াহুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনিরা সরাসরি শান্তি আলোচনায় যোগ দিলে পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোর ভবিষ্যৎ নিয়ে ইসরায়েল এখনই আলোচনা শুরু করতে প্রস্তুত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার একটি মার্কিন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।অধিকৃত পশ্চিম তীরে বাড়িঘর নির্মাণের ওপর আরোপিত ১০ মাসের নিষেধাজ্ঞা সেপ্টেম্বরের পরও বহাল রাখা হবে কি না—প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনিদের এখন উচিত কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই সরাসরি শান্তি আলোচনায় বসা। সিএনএনের ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আসুন, আমরা আলোচনা শুরু করি। আলোচনা একটি বিষয়েই সীমাবদ্ধ থাকবে, সেটি হচ্ছে বসতি স্থাপন।’হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একান্ত বৈঠকের একদিন পর তিনি এ সাক্ষাৎকার দিলেন। ওই বৈঠকেও তিনি শান্তি আলোচনা শুরুর জন্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানান। ২০০৮ সাল থেকে ফিলিস্তিনিরা শান্তি আলোচনা স্থগিত রেখেছে। ফিলিস্তিনিরা বলছে, নেতানিয়াহু কী ধরনের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মেনে নিতে প্রস্তুত, সে ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা শান্তি আলোচনায় ফিরবে না।এর আগে যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশনকে তিনি বলেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শান্তি আলোচনা শুরু করলে তিনি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অবাধ চলাচলের ব্যাপারে আরও পদক্ষেপ নেবেন।এ সাক্ষাৎকার দেওয়ার আগে নেতানিয়াহু নিউইয়র্কে মার্কিন ইহুদি নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্ধু। এর চেয়ে ভালো বন্ধু হতে পারে না। এএফপি।