শান্তি, নাকি আবার লড়াই কোন পথে যাবেন তাঁরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে ছাড়া পেয়েছেন তাঁরা পাঁচজন৷ সবাই আফগানিস্তানের তালেবানের ওপরের সারির নেতা৷ তালেবানের হাত থেকে এক মার্কিন সেনাকে ছাড়িয়ে নেওয়ার বিনিময়ে তাঁদের মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র৷ তালেবানের সঙ্গে এমন আপসের কারণে খোদ যুক্তরাষ্ট্রেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার৷ বলা হচ্ছে, তালেবানের ওই নেতারা আবার যুদ্ধে জড়িয়ে পড়বেন৷ খবর বিবিসির৷
তবে বিশ্লেষকেরা বলছেন, বন্দিবিনিময়ের ঘটনায় যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের সমালোচকেরা অখুশি হতে পারেন৷ কিন্তু এই বিনিময়ের ঘটনা তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশ্বাসের সেতুবন্ধ রচনা করেছে৷ এর মাধ্যমে জঙ্গিদের সঙ্গে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে৷
মুক্তি পাওয়া তালেবান নেতা মোহাম্মদ ফজল, খাইরুল্লাহ খাইরখোয়া, আবদুল হক ওয়াসিক, মোল্লা নুরুল্লাহ নূরী ও মোহাম্মদ নবী ওমরি গুয়ানতানামো বন্দী ছিলেন প্রায় ১৩ বছর৷ তাঁদের মুক্তি পাওয়াকে ‘বড় বিজয়’ বলে উল্লেখ করেছেন তালেবান নেতা মোল্লা ওমর৷
এত দিন কারাভোগের পর মুক্তি পেয়ে কোন পথ বেছে নেবেন তাঁরা? শান্তি, নাকি আবার যুদ্ধ৷ যুক্তরাষ্ট্রের বিরোধী রিপাবলিকান দলের নেতা সিনেটর জন ম্যাককেইন এই নেতাদের ‘ভয়ংকর ঝুঁকিপূর্ণ’ বলে মন্তব্য করার পর প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে৷
তবে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, এই নেতারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য আর কোনো হুমকি সৃষ্টি করবে না৷ বন্দিবিনিময়ে মধ্যস্থতাকারী দেশ কাতারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এ নিশ্চয়তা দেওয়া হয়েছে৷ তবে সেই নিশ্চয়তার বিস্তারিত কিছু জানানো হয়নি৷ মুক্তি পাওয়া তালেবান নেতারা মুক্তির শর্ত হিসেবে বর্তমানে কাতারে অবস্থান করছেন৷ ফলে, আশঙ্কা তৈরি হয়েছে, তাঁরা সেখানকার তালেবান জঙ্গিদের সংগঠিত করতে পারেন৷
এ অবস্থায় মার্কিন কর্মকর্তাদের কেউ বলছেন, মুক্তি পাওয়া তালেবান নেতারা আবার যুদ্ধ যুদ্ধ খেলায় মেতে উঠবেন, নাকি শান্তির পথ ধরবেন, তা এখনই বলা যাচ্ছে না৷
তবে তালেবানের একটি সূত্র বলেছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাঁরা (পাঁচ নেতা) কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনার অপেক্ষায় থাকবেন৷