মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মধ্যপ্রাচ্য শান্তি-প্রক্রিয়া নিয়ে সরাসরি আলোচনা শুরু করতে ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতি আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।ইসরায়েলি সংবাদমাধ্যম ওবামার সঙ্গে নেতানিয়াহুর এই বৈঠককে উষ্ণ বন্ধনের নতুন অধ্যায় বলে অভিহিত করেছে। তবে কিছু বিশ্লেষক এই বন্ধনের স্থায়িত্বের ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন।গাজার ওপর আরোপিত অবরোধ কিছুটা শিথিল করায় ইসরায়েলি কর্তৃপক্ষের প্রশংসা করে ওবামা বলেন, সরাসরি আলোচনা শুরু করার এখনই উপযুক্ত সময়। তিনি আশা প্রকাশ করেন, বসতি স্থাপনের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের আরোপিত ১০ মাসের নিষেধাজ্ঞার মেয়াদ আগামী সেপ্টেম্বরে শেষ হওয়ার আগেই দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা শুরু হবে।ইসরায়েল ও ফিলিস্তিনি পক্ষের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরুর প্রধান অন্তরায়—বসতি স্থাপন কার্যক্রম। ফিলিস্তিনিদের দাবি, কোনো আলোচনা শুরুর আগে ইসরায়েলকে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রমের ব্যাপারে স্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করতে হবে। কিন্তু এই দাবি মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে ইসরায়েল।বৈঠকে বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে ইসরায়েলি সরকারের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু ও ওবামা। দুই নেতাই দুই দেশের সম্পর্ককে ‘অবিচ্ছেদ্য’ হিসেবে অভিহিত করেন। বসতি স্থাপনে ইসরায়েলি সরকারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে মার্কিন চাপের কাছে নতি স্বীকার না করার ব্যাপারে নিজ জোটের চাপের মুখে আছেন নেতানিয়াহু।ওবামা বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী নেতানিয়াহু শান্তি চান। আমি মনে করি, শান্তির জন্য তিনি ঝুঁকি নিতে রাজি।’ নেতানিয়াহু বলেন, শান্তি-প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যেতে পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে। এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।২০০৮ সালের ডিসেম্বরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। গত মে মাসে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জর্জ মিশেলের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরু হয়।কিন্তু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরের সময় দেশটির কর্তৃপক্ষ অধিকৃত পূর্ব জেরুজালেমে এক হাজার ৬০০টি বসতি নির্মাণের অনুমতি দেয়। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে ওই সময় নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের কোনো ছবি প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ। এবারের সম্পর্ক ওই সময়ের তুলনায় অনেকখানি উষ্ণ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা।সরাসরি আলোচনা শুরু করার আহ্বানের ব্যাপারে ফিলিস্তিনি পক্ষের মধ্যস্থতাকারী সায়েব এরেকাত বলেন, ‘নেতানিয়াহুকে বসতি স্থাপন বা শান্তি—এই দুটির মধ্যে একটিকে বেছে নিতে হবে। আমরা সরাসরি শান্তি আলোচনা শুরু করতে চাই। কিন্তু যে ভূমিতে ফিলিস্তিনি রাষ্ট্র স্থাপিত হবে, তা বসতি স্থাপনের মাধ্যমে গ্রাস করে নেওয়া হচ্ছে।’ইসরায়েলভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইহুদি বসতি স্থাপন কার্যক্রমের মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরের ৪০ শতাংশের বেশি ভূমি গ্রাস করা হয়েছে। এতে বলা হয়, ফিলিস্তিনি ভূমি দখলের জন্য ইসরায়েল কৌশলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিজস্ব ব্যাখ্যা দাঁড় করাচ্ছে।ওবামার সঙ্গে বৈঠকে নেতানিয়াহু ইরানের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি। কিন্তু তেহরান বরাবর দাবি করে আসছে, তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।ইসরায়েলের জাতীয় দৈনিকগুলো ওবামা-নেতানিয়াহু বৈঠককে স্বাগত জানিয়ে লিখেছে, এর মাধ্যমে দুই দেশের সম্পর্কের একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। বহুল বিক্রীত পত্রিকা ইয়েদিওত আহারোনত-এ হোয়াইট হাউসের লনে বন্ধুত্বপূর্ণ পরিবেশে মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘুরতে থাকা ছবি প্রকাশিত হয়। বিশ্লেষকেরা সতর্ক করেছেন, নেতানিয়াহু-ওবামার এই উষ্ণ সম্পর্ক বেশি দিন স্থায়ী না-ও হতে পারে। বিবিসি এএফপি।