শান্তি-প্রক্রিয়ার ‘জড়তা’র অবসান চায় ফিলিস্তিনিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল ও ফিলিস্তিনে ঐতিহাসিক সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার কাছে ফিলিস্তিনিদের চাওয়া হলো, মধ্যপ্রাচ্য শান্তি-প্রক্রিয়ায় যে ‘জড়তা’র সৃষ্টি হয়েছে, তার অবসান হোক।রামাল্লায় ফিলিস্তিনের স্বতন্ত্র আইনপ্রণেতা মুস্তাফা বারগৌতি সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন জরুরি অবস্থার মধ্যে আছি। আমাদের আর খুব বেশি সময় নেই। ইসরায়েলকে পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ শিগগিরই বন্ধ করতে হবে...অথবা দুই রাষ্ট্র গঠন করে মধ্যপ্রাচ্য সংকট সমাধানের চিন্তা বাদ দিতে হবে।’ রামাল্লায় গতকাল বৃহস্পতিবার ওবামার সঙ্গে বৈঠক করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।মার্কিন প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস-এর কলাম লেখক টমাস ফ্রাইডম্যান গত সপ্তাহে লিখেছেন, মধ্যপ্রাচ্য শান্তি-প্রক্রিয়ার অগ্রগতি না দেখে প্রেসিডেন্ট ওবামাকেও হতাশ বলে মনে হয়। তিনি লিখেছেন, ‘এটা কেউ ঘোষণা দিয়ে বলছেন না যে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব অবসানের প্রক্রিয়া এখন মার্কিন কূটনীতিকদের বিনোদনপূর্ণ একটি কাজে পরিণত হয়েছে। এই দ্বন্দ্বের সমাধান যে জরুরি, সেই অবস্থান থেকে যেন সরে এসেছেন তাঁরা।’ তিনি আরও লিখেছেন, ‘ওবামাই সম্ভবত প্রথম মার্কিন ক্ষমতাসীন প্রেসিডেন্ট, যিনি পর্যটকের মতো ইসরায়েল সফরে যাচ্ছেন।’রামাল্লার আইনপ্রণেতা মুস্তাফা বারগৌতি মধ্যপ্রাচ্য শান্তি-প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ‘জড়তা’র কঠোর সমালোচনা করেন। বারগৌতি আরও বলেন, ‘ফিলিস্তিনকে জাতিসংঘের সব অঙ্গসংগঠনের সদস্য করে নেওয়া উচিত...এবং অবশ্যই আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। বিশেষ করে পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ চায় ফিলিস্তিন।’গত মঙ্গলবার ব্রাসেলসে আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিন তাদের অর্থ-সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। বর্তমান অর্থসংকট কাটাতে এই সহায়তা জরুরি বলেও উল্লেখ করে ফিলিস্তিন কর্তৃপক্ষ।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, তাঁরা ফিলিস্তিন কর্তৃপক্ষকে ৭০ কোটি মার্কিন ডলার দিতে চান। কয়েক মাস ধরে মার্কিন কংগ্রেস ওই সহায়তার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে রেখেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থনৈতিক সচ্ছলতা শুধু ফিলিস্তিনের জনগণের স্বার্থে নয়, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে এটা জরুরি। মুখপাত্র বলেন, ‘আশা করি, ওবামার ফিলিস্তিন সফরকালে বিষয়টি নিয়ে আলোচনা হবে।’