শান্তি-প্রক্রিয়ায় পাকিস্তানের সমর্থনের ব্যাপারে আশাবাদী আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানের সঙ্গে শান্তি-প্রক্রিয়া এগিয়ে নিতে পাকিস্তান সহযোগিতা করবে বলে আশাবাদী আফগান সরকার। গতকাল শনিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মুখপাত্র এ কথা জানিয়েছেন।পাকিস্তান তাদের মতো করে বারবার বলে আসছে যে প্রতিবেশী দেশ আফগানিস্তানে শান্তি দেখতে চায় তারা। সেখানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে।তবে আফগান তালেবানসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দাদের গোপন সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। এ জন্য পাকিস্তানের সদিচ্ছা নিয়ে সন্দিহান আফগান জনগণ।আফগানিস্তানের শান্তিদূত ও সাবেক প্রেসিডেন্ট বোরহানউদ্দিন রাব্বানি আততায়ীর হামলায় নিহত হওয়ার পর থেকে কয়েক মাস ধরে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কে বেশ টানাপোড়েন চলছে। ওই হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানের গোয়েন্দাদের দোষারোপ করছেন আফগান কর্মকর্তারা। তবে পাকিস্তান জোর দিয়ে সেই অভিযোগ নাকচ করেছে।তবে প্রেসিডেন্ট কারজাইয়ের মুখপাত্র আইমল ফাইজি বলেছেন, চলতি সপ্তাহে ইসলামাবাদে কারজাইয়ের সঙ্গে পাকিস্তানি নেতাদের বৈঠক হচ্ছে। এটি উত্সাহব্যঞ্জক।ফাইজি গতকাল ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, ‘আমরা পাকিস্তানিদের মধ্যে বড় পরিবর্তন দেখতে পাচ্ছি। পরিবেশও আগের চেয়ে অনেক ভালো। এখন পাকিস্তানিদের সহযোগিতার বিষয়ে আমরা আগের থেকে বেশি আশাবাদী।’ফাইজি জানান, পাকিস্তানি নেতাদের সঙ্গে বৈঠকের সময় কারজাই বেশ কয়েকটি দাবি তুলবেন। যদিও সেসব দাবি কী হতে পারে, তা তিনি বিস্তারিত জানাননি। তবে ধারণা করা হচ্ছে, পাকিস্তানের কোয়েটাভিত্তিক তালেবান নেতাদের সংগঠন কোয়েটা শুরার সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ার দাবি তুলতে পারেন কারজাই। আফগানিস্তানের যেকোনো ধরনের শান্তি উদ্যোগের জন্য ওই তালেবান নেতাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।পাকিস্তান বরাবরই দাবি করে এসেছে, বাইরের কোনো জঙ্গি সংগঠন বা নেতাদের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ ইসলামাবাদ কখনো দেয়নি। একই সঙ্গে কোয়েটা শুরার কোনো অস্তিত্ব আছে বলে তারা স্বীকার করে না।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার সম্প্রতি কাবুল সফর শেষে বলেছেন, কাবুল ও ইসলামাবাদের সম্পর্কে অনেক অগ্রগতি হয়েছে। একই সঙ্গে তিনি আভাস দেন, আফগান কর্তৃপক্ষের কাছ থেকে প্রস্তাব পেলে জঙ্গিদের শান্তি-প্রক্রিয়ায় অংশগ্রহণে উত্সাহিত করবে পাকিস্তান।আফগান তালেবান গত মাসে ঘোষণা দিয়েছে, তারা কাতারে একটি রাজনৈতিক কার্যালয় খুলবে। এ থেকে আভাস পাওয়া যাচ্ছে, তারাও আলোচনা বা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী। রয়টার্স।