শান্তি প্রতিষ্ঠা ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব: সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, গোলযোগপূর্ণ বিভিন্ন এলাকায় শান্তি প্রতিষ্ঠা ছাড়া মিয়ানমারকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলা অসম্ভব। দেশটির কাচিন রাজ্যের রাজধানী মিতকিনায় নির্বাচনী সফরকালে গতকাল শুক্রবার এ মন্তব্য করেন সু চি। আগামী ১ এপ্রিল অনুষ্ঠেয় উপনির্বাচনে পার্লামেন্ট সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সু চি। এ উপলক্ষে তিনি নিজ রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পক্ষে সমর্থন আদায়ে কাচিন সফর করেন। রাজ্যের রাজধানী মিতকিনা থেকে ৬৫ কিলোমিটার দূরে মগং শহরে গত বৃহস্পতিবার সমাবেশে সমর্থকদের উদ্দেশে সু চি বলেন, কাচিনের অশান্ত পরিস্থিতি সারা দেশের জন্যই দুঃখজনক।মিয়ানমারে পাঁচ দশকের সামরিক শাসনের পর গণতন্ত্রে উত্তরণের পথে সু চিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চি কাচিনের বিরোধ মীমাংসা করতে সক্ষম হবেন বলে মনে করছেন অনেকে। পশ্চিমা একজন কূটনীতিক বলেন, এই বিরোধ মীমাংসার জন্য সম্ভবত সুচিই সর্বোত্তম ব্যক্তি। স্থানীয় বিভিন্ন নৃগোষ্ঠীর লোকজন এমনটাই ধারণা করেন।দেশটির উত্তরাঞ্চলে গত বছরের জুন থেকে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী কাচিন জাতিগোষ্ঠীর লড়াই চলছে। চীন সীমান্তসংলগ্ন ওই রাজ্যের বিভিন্ন পাহাড়ে সহিংস বিরোধ পশ্চিমা বিশ্বের সঙ্গে মিয়ানমারের অবাধ সম্পর্কের ক্ষেত্রে বড় একটি বাধা হিসেবে কাজ করছে। আট মাস ধরে চলমান লড়াইয়ের কারণে কাচিনের প্রায় ৬০ হাজার জনগণকে ৮০টি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় একজন খ্রিষ্টান নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার তাঁদের সঙ্গে রাজনৈতিক আলোচনার পরিবর্তে কেবল অস্ত্রবিরতি ও উন্নয়ন বিষয়ে আলোচনা করতে চায়। কিন্তু তাঁদের জন্য এসব বিষয়ে আলোচনা অর্থহীন।আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ মিয়ানমারের বিভিন্ন কারাগারে বিদেশিদের প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। চলমান সংস্কারপ্রক্রিয়ায় মিয়ানমারের সামরিক প্রভাব বাধা হিসেবে কাজ করতে পারে বলে গত বৃহস্পতিবার সতর্ক করে দিয়েছে সংগঠনটি। সংগঠনের গবেষক ডেভিড স্কট ম্যাথিসন সম্প্রতি মিয়ানমার সফর করে বলেন, দেশটিতে মানবাধিকার পরিস্থিতির মৌলিক কোনো পরিবর্তন তাঁর চোখে পড়েনি। তিনি সেখানে মোট বন্দীর সংখ্যা স্পষ্টভাবে জানানোর জন্য প্রেসিডেন্ট থেইন সেইনের প্রতি আহ্বান জানান।থেইন সেইনের নেতৃত্বাধীন সরকার সংস্কারপ্রক্রিয়ার অংশ হিসেবে কয়েক হাজার রাজবন্দীকে গত কয়েক মাসে মুক্তি দেয়। কয়েক সপ্তাহ আগে বন্দিদশা থেকে মুক্তি পান দেশটির তরুণ ব্লগার নে ফোন। মুক্তিলাভের পর পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার পরপরই অনলাইনে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ইন্টারনেটের মাধ্যমে সরকারবিরোধী কার্যক্রমের অভিযোগে ২০০৮ সালে তাঁকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। নে ফোন বলেন, ব্লগের মাধ্যমে অনেক বন্ধু তাঁকে সমর্থন দিয়েছেন। তাই মুক্তি পাওয়ার পরই আমি ব্লগে নতুন পোস্ট দিতে গেছি।মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত অবরোধ প্রত্যাহারের ব্যাপারে আলোচনা চলছে। মিয়ানমারের একটি সংস্থা নাম প্রকাশ না করার শর্তে জানায়, একমাত্র কাচিন পরিস্থিতি বাদে সবকিছুই চলছে পরিকল্পনামাফিক। রয়টার্স ও এএফপি।