শান্তি প্রতিষ্ঠার এই সুযোগ আর না-ও আসতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের সুযোগ হাতছাড়া না করতে ফিলিস্তিন ও ইসরায়েলি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নতুন আলোচনায় সমর্থন দেওয়ার অঙ্গীকার করে ওবামা বলেন, ‘অদূর ভবিষ্যতে এই সুযোগ আর না-ও আসতে পারে।’ গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে সরাসরি আলোচনায় বসার কথা। ২০ মাসের মধ্যে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনার ঘটনা এটাই প্রথম।প্রেসিডেন্ট আব্বাস, প্রধানমন্ত্রী নেতানিয়াহু, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ও মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে হোয়াইট হাউসে গত বুধবার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। বৈঠকের পর ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনার সুযোগ নিতে মধ্যপ্রাচ্যের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।প্রেসিডেন্ট ওবামা বলেন, দুই পক্ষের সরাসরি আলোচনার লক্ষ্য হলো স্বাধীন ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। ইসরায়েলের পাশেই এই রাষ্ট্রের শান্তিপূর্ণ অবস্থান হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ওই দুই পক্ষের ওপর কোনো কিছু চাপিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। তবে যুক্তরাষ্ট্র শান্তি চায়। সরাসরি আলোচনায় অংশ নেওয়ার জন্য প্রেসিডেন্ট আব্বাস ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশংসা করে ওবামা বলেন, ‘আমি বিশ্বাস করি, এই দুই নেতা সত্যিকার অর্থে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী।’ তিনি সতর্ক করে দিয়ে বলেন, চরমপন্থীরা এই আলোচনার বিরোধী। তারা শান্তি চায় না। সব সময় ধ্বংসাত্মক কাজ করাই তাদের মূল লক্ষ্য।প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্ট আব্বাসকে ‘শান্তির অংশীদার’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘পশ্চিম তীরে ইসরায়েলিদের ওপর সাম্প্রতিক হামলা শান্তি প্রক্রিয়ায় কোনো বাধার সৃষ্টি করবে না। আমাদের লক্ষ্য হলো ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।’পরে হোয়াইট হাউসে আয়োজিত এক ভোজে অংশ নেন নেতারা। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার অংশ নেন। ব্লেয়ার মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ডিপ্লোমেটিক কোয়াট্রেটের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।সরাসরি আলোচনা শুরুর আগে হিলারি ক্লিনটন, প্রেসিডেন্ট আব্বাস ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কথা রয়েছে। ইসরায়েলিদের ওপর হামলায় ওবামার নিন্দা: গত মঙ্গলবার পশ্চিম তীরের হেবরনে চার ইসরায়েলিকে গুলি করে হত্যার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। কট্টরপন্থী দল হামাস ওই চারজনকে গুলি করে বলে জানা গেছে। গাজা নিয়ন্ত্রণকারী হামাস ফিলিস্তিন-ইসরায়েল সরাসরি আলোচনার কঠোর বিরোধিতা করছে। গত বুধবারও পশ্চিম তীরে দুই ইসরায়েলি গুলিতে আহত হয়েছে। কোচাভ হাসহাহার ইহুদি বসতির কাছে এ ঘটনা ঘটে। হামাস চার ইসরায়েলিকে গুলি করে হত্যার দায় স্বীকার করেছে।প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও ইসরায়েলিদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। রক্তপাত বন্ধ করে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলিদের ওপর হামলা বন্ধে ইসরায়েলি ও ফিলিস্তিনি বাহিনী তত্পরতা চালাচ্ছে বলে জানা গেছে। বিবিসি, এএফপি।