শান্তি প্রতিষ্ঠায় আব্বাসকে ঝুঁকি নিতে বললেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনি নেতা ও ইসরায়েলি রাজনীতিকদের কঠিন সিদ্ধান্ত ও ঝুঁকি নেওয়ার ব্যাপারে প্রস্তুত থাকতে হবে। গতকাল সোমবার হোয়াইট হাউসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আজ মঙ্গলবার এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, দুই সপ্তাহ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওবামার সঙ্গে দেখা করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির দীর্ঘ প্রচেষ্টায় ইসরায়েল ও ফিলিস্তিন বর্তমানে সাত মাস মেয়াদের সরাসরি সংলাপ চালিয়ে যাচ্ছে। আগামী এপ্রিলে এই সংলাপের মেয়াদ শেষ হচ্ছে।
ওবামা বলেন, ‘কয়েক সপ্তাহ আগে নেতানিয়াহু যখন এখানে এসেছিলেন, আমি তাকে বলেছি, আমি মনে করি, এখনই সুযোগটাকে কাজে লাগানোর সময়।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি খুব কঠিন, খুব চ্যালেঞ্জিং। আমরা যদি এই শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত ও ঝুঁকি নিতে হবে।’
মাহমুদ আব্বাস ওবামাকে বলেন, ‘নষ্ট করার মতো সময় আমাদের নেই। এখন সময় আমাদের অনুকূলে নয়, বিশেষ করে মধ্যপ্রাচ্য যে কঠিন পরিস্থিতি পার করছে এবং গোটা অঞ্চল যে বিরূপ পরিস্থিতি মোকাবিলা করছে।’
এ মাসের শুরুর দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে একই ধরনের কথা বলেন। ওবামা বলেছিলেন, ‘চলমান সংলাপ শেষ করার জন্য আমরা যে সময়কাঠামো ঠিক করেছি, তার সময় শেষ হয়ে আসছে। এখন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমার বিশ্বাস, এখনো দুটি রাষ্ট্র তৈরি সম্ভব। তবে এটা কঠিন কাজ এবং এ জন্য সব পক্ষকেই আপস করতে হবে।’
তবে ইসরায়েলি নেতার জবাব ছিল বেশ কড়া। তিনি ওবামাকে জানিয়ে দেন, শান্তির স্বার্থে গত ২০ বছরে ইসরায়েল ‘নজিরবিহীন পদক্ষেপ’ গ্রহণ করেছে। এখন বল নিশ্চিতভাবেই ফিলিস্তিনিদের কোর্টে। তিনি বলেন, গত দুই দশকে ইসরায়েল বসতি নির্মাণ বন্ধ করেছে, পুরো বসতি উচ্ছেদ করেছে এবং শত শত ফিলিস্তিনি ‘সন্ত্রাসী’কে মুক্তি দিয়েছে।