শান্তি প্রতিষ্ঠায় দুই পক্ষেই সদিচ্ছার অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় সে দেশের সরকার ও বিদ্রোহী উভয় পক্ষের দৃশ্যত ‘সদিচ্ছার অভাব’ রয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। এদিকে, গতকাল শুক্রবার সংস্থাটির পর্যবেক্ষকেরা দেশটির হাফা নগরে প্রবেশ করেছেন। তীব্র লড়াইয়ের মুখে কয়েক দিন আগে তাঁরা সেখানে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।ইউএন সুপারভাইজরি মিশন ইন সিরিয়ার (ইউএনএসএমআইএস) প্রধান মেজর জেনারেল রবার্ট মুড বলেছেন, গত ১০ দিনে সিরিয়ায় সহিংস ঘটনা বেড়ে গেছে। এতে হতাহতের শিকার হয়েছে সরকার ও বিদ্রোহী দুই পক্ষেরই লোকজন। ‘বড় ধরনের ঝুঁকির’ মুখে পড়েছে জাতিসংঘের নিরস্ত্র পর্যবেক্ষক দলও।সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল এক সংবাদ সম্মেলনে রবার্ট মুড বলেন, গত ২৯ এপ্রিল সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষকদের মিশন শুরুর পর সরকার ও বিরোধীরা স্বেচ্ছায় সহিংসতায় ক্ষান্ত দেয়। কিন্তু গত কয়েক দিনে তারা নিজেরাই আবার সহিংসতা বাড়িয়ে তুলছে।জাতিসংঘের পর্যবেক্ষকেরা গতকাল সিরিয়ার হাফা নগরে প্রবেশ করেছেন। এর আগে গত মঙ্গলবার তাঁরা সেখানে যাওয়ার চেষ্টা চালান। কিন্তু সরকার-সমর্থকদের গুলিবর্ষণের মুখে সেখান থেকে ফিরে আসেন।প্রতিনিধিদলের সঙ্গে থাকা রয়টার্সের একজন সাংবাদিক হাফাকে একরকম জনমানবশূন্য এলাকা উল্লেখ করে বলেন, নগরে ছড়িয়ে আছে আগুনে পোড়া সব ভবন ও পরিত্যক্ত দোকানপাট। তিনি আরও বলেন, হাতেগোনা যে কয়জনের দেখা মিলেছে, তাঁরা কেউই সেখানে আসলে কী ঘটেছে সে বিষয়ে মুখ খুলতে সাহস পাননি। ইউএনএসএমআইএস বলেছে, একেবারে ফাঁকা হলেও নগর থেকে মরদেহের তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।সিরিয়ায় জাতিসংঘের শান্তিদূত কফি আনান গত সপ্তাহে বলেন, হাফায় বিশালসংখ্যক বেসামরিক লোক আটকা পড়ে আছে—এমন ইঙ্গিত তাঁরা পেয়েছেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুনও সে সময় বলেন, এই নগরে পর্যবেক্ষকদের প্রবেশ করা অপরিহার্য। এদিকে, সিরিয়ার রাজনৈতিক ব্যবস্থার রূপান্তর নিয়ে অন্য কোনো দেশের সঙ্গে আলোচনার কথা নাকচ করে দিয়েছে রাশিয়া।এ ছাড়া, সিরিয়ার প্রধান সরকারবিরোধী গ্রুপ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) পররাষ্ট্রবিষয়ক শাখার প্রধান বাজমা কোদমানি বলেন, দেশটির বিরোধীদলীয় নেতারা পারস্পরিক মতপার্থক্য দূর করা এবং সহিংসতা মোকাবিলায় একটি অভিন্ন অবস্থান গড়ে তোলার লক্ষ্যে গতকাল ইস্তাম্বুলে এক বৈঠকে মিলিত হয়েছেন। বিবিসি ও এএফপি।