শান্তি প্রস্তাবে রাজি গাদ্দাফি বিদ্রোহীদের প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকান ইউনিয়নের (এইউ) প্রতিনিধিদলের শান্তি প্রস্তাবে রাজি লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। যুদ্ধবিরতির মাধ্যমে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে গত রোববার গাদ্দাফির সঙ্গে আলোচনা করেছে এইউ প্রতিনিধিদল। প্রতিনিধিদল বিদ্রোহীদের সঙ্গে আলোচনার জন্য গতকাল সোমবার বেনগাজি সফর করে। গতকাল বেনগাজিতে বিদ্রোহীদের নেতা মোস্তফা আবদুল জলিল এক সংবাদ সম্মেলনে এইউর শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, গাদ্দাফি বা তাঁর ছেলেদের ক্ষমতায় রেখে কোনো সমঝোতা নয়। আগে গাদ্দাফিকে ক্ষমতা ছাড়তে হবে। আর যুদ্ধবিরতি কার্যকর করতে হলে প্রথমেই বিভিন্ন শহর থেকে গাদ্দাফির সেনাদের প্রত্যাহার করতে হবে।দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার নেতৃত্বে এইউর পাঁচ সদস্যের প্রতিনিধিদল গত রোববার ত্রিপোলি পৌঁছায়। ওই দিনই তারা গাদ্দাফি সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। এ দলে আরও আছেন মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ ওলদ আবদেল আজিজ, কঙ্গোর প্রেসিডেন্ট ডেনিস সসাও এনগুসো, মালির প্রেসিডেন্ট আমাদেও তৌমানি তৌরে এবং উগান্ডার পররাষ্ট্রমন্ত্রী হেনরি ওক্কেলো।শান্তি স্থাপনে এইউ যে প্রস্তাব দিয়েছে, তার মধ্যে আছে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করা, বাধাহীনভাবে মানবিক সাহায্য সরবরাহ, বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে সরকার ও বিদ্রোহীদের মধ্যে আলোচনা শুরু এবং ন্যাটোর বিমান হামলা স্থগিত করা।সরকারপক্ষের সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠক শেষে জ্যাকব জুমা বলেন, ‘গাদ্দাফি সরকার আমাদের শান্তি প্রস্তাব মেনে নিয়েছে। ’ওই বৈঠকের পর জুমা দেশে ফিরে গেছেন। এরপর এইউ প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী। বিদ্রোহীদের সঙ্গে আলোচনার জন্য তাঁরা গতকাল বেনগাজি যান।বিদ্রোহীদের মুখপাত্র মুস্তাফা ঘরিয়ানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এইউর প্রস্তাব বিবেচনার আগে অবশ্যই গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।’এইউর শান্তি ও নিরাপত্তাবিষয়ক কমিশনার রামতানে লামামরা বলেন, ‘গাদ্দাফির ক্ষমতা ছাড়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে আমরা এখনই কিছু বলতে চাইছি না।’এইউর এই শান্তি উদ্যোগের মধ্যেও লিবিয়ায় যুদ্ধ অব্যাহত রয়েছে। গতকাল মিসরাতা শহরে আবারও ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে গাদ্দাফির অনুগত বাহিনী। আজদাবিয়ায়ও লড়াই চলছে।এদিকে গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, যেকোনো শান্তি-প্রক্রিয়ার আগে গাদ্দাফিকে অবশ্যই বিদায় নিতে হবে।বেনগাজি থেকে বিবিসির সাংবাদিক জন লেইনি জানান, গাদ্দাফি বা তাঁর ছেলেদের ক্ষমতায় রেখে কোনো প্রস্তাব সম্ভবত বিদ্রোহীদের কাছে গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া বিদ্রোহীদের মধ্যে এমন ধারণা কাজ করছে যে, এইউর এই প্রতিনিধিদল গাদ্দাফির প্রতি সহানুভূতিশীল। তারা গাদ্দাফিকে রক্ষার চেষ্টা করছে।ন্যাটো জানিয়েছে, গত রোববার তারা বিমান হামলা চালিয়ে গাদ্দাফি বাহিনীর ২৫টি ট্যাংক ধ্বংস করেছে। এর মধ্যে ১১টি ট্যাংক ধ্বংস করা হয় আজদাবিয়া শহরের কাছে, বাকি ১৪টি ধ্বংস করা হয় মিসরাতা শহরের কাছে। এএফপি, রয়টার্স, বিবিসি।