শান্তি সম্মেলনের জন্য জেনেভায় প্রস্তুতি বৈঠক
সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে শান্তি সম্মেলনের খুটিনাটি নির্ধারণে জেনেভায় বৈঠক করেছেন কূটনীতিকেরা।
জাতিসংঘ ও আরব লিগের শান্তির দূত লাখদার ব্রাহিমি গতকাল মঙ্গলবার জাতিসংঘের দপ্তরে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ ও মিখাইল বোগদানভ এবং রাজনৈতিকবিষয়ক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে বৈঠকে বসেন। পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্য চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের এতে যোগ দেওয়ার কথা ছিল।
ইরাক, জর্ডান ও তুরস্ক মঙ্গলবারের বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল। তবে সিরিয়ার সরকার ও বিদ্রোহীরা উভয়েই এখনো নিরুৎসাহ দেখিয়ে যাচ্ছে। সিরিয়া সোমবার বলেছে, জেনেভা সম্মেলনের উদ্দেশ্য যদি হয় প্রেসিডেন্ট বাশারকে ক্ষমতা থেকে সরানো, তাহলে তারা অংশ নেবে না। এই প্রেক্ষাপটে মস্কো গতকাল আবারও বলেছে, শান্তি সম্মেলনে সিরিয়ার মিত্র ইরানকে অবশ্যই রাখতে হবে। এএফপি।