গাদ্দাফির চিঠি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
শান্তিচুক্তির লক্ষ্যে ত্রিপোলিতে মার্কিন প্রতিনিধিদল
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিদায়সহ শান্তিচুক্তির উদ্দেশ্য নিয়ে ত্রিপোলিতে গেছে মার্কিন প্রতিনিধিদল। সাবেক এক মার্কিন আইনপ্রণেতার নেতৃত্বে ছোট দলটি গত বুধবার ত্রিপোলিতে পৌঁছেছে। এদিকে, হামলা বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে লেখা গাদ্দাফির চিঠি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র বলেছে, গাদ্দাফির দ্রুত ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার সাবেক আইনপ্রণেতা কার্ট ওয়েলডন গতকাল নিউইয়র্ক টাইমস পত্রিকায় এক নিবন্ধে লিখেছেন, গাদ্দাফির চিফ অব স্টাফের আমন্ত্রণে তাঁর নেতৃত্বে একটি ছোট প্রতিনিধিদল ত্রিপোলিতে গেছে। ওবামা প্রশাসন ও কংগ্রেসের উভয় দলের সদস্যদের সম্মতিতেই তাঁরা সেখানে গেছেন।ওয়েলডন বলেন, ‘আমরা গাদ্দাফির সঙ্গে দেখা করে সরে দাঁড়ানোর জন্য তাঁকে রাজি করানোর চেষ্টা করব।’তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘ওয়েলডন তাঁর সফর সম্পর্কে আমাদের অবহিত করবেন। তবে তিনি মার্কিন সরকারের প্রতিনিধিত্ব করছেন না।’এদিকে লিবিয়ায় হামলা বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গাদ্দাফি যে চিঠি লিখেছিলেন তা প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র বলেছে, গাদ্দাফির উচিত যত দ্রুত সম্ভব ক্ষমতা ছেড়ে দেওয়া।‘আমাদের ছেলে, প্রিয় ওবামা’ সম্বোধন করে মার্কিন প্রেসিডেন্টকে গত ১৯ মার্চ চিঠি লেখেন গাদ্দাফি। লিবিয়ায় পশ্চিমা বাহিনীর হামলা বন্ধের আহ্বান জানিয়ে গাদ্দাফি লেখেন, ‘আমি আপনাকে আগেও বলেছি, লিবিয়া ও যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে জড়িয়েও পড়ে, তারপরও আপনি আমাদের ছেলেই থাকবেন।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে গত বুধবার সাংবাদিকেরা গাদ্দাফির ওই চিঠির বিষয়ে জানতে চান। তখন হিলারি বলেন, ‘আমি মনে করি না, এই মুহূর্তে সবাই গাদ্দাফির কাছ থেকে কী চাইছে তা নিয়ে কোনো অস্পষ্টতা আছে। এমনকি আমি বিশ্বাস করি, গাদ্দাফি নিজেও জানেন, কী করা উচিত। এখন যুদ্ধ বন্ধ করতে হবে। তাঁর বাহিনী যেসব শহর জোর করে দখল করে রেখেছে, সেখান থেকে তাঁদের প্রত্যাহার করতে হবে।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, লিবিয়ার বেনগাজিতে পাঠানো মার্কিন প্রতিনিধি ক্রিস স্টিভেনসের প্রতিবেদনের অপেক্ষায় আছে মার্কিন প্রশাসন। ক্রিস বেনগাজিতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করবেন। সেখানকার পরিস্থিতি মূল্যায়ন করে তিনি প্রতিবেদন পাঠাবেন।লিবিয়ার বিদ্রোহীরা গতকাল জানিয়েছে, গত বুধবার গাদ্দাফি বাহিনীর ছোড়া গোলার আঘাতে মিসরাতা শহরে পাঁচজন নিহত হয়েছে।এদিকে ন্যাটো বাহিনীর বিমান হামলায় গতকাল ব্রেগা শহরে দুই বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এএফপি, রয়টার্স।