শান্তিতে নোবেল পুরস্কার কি মালালাই পাচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাই
মালালা ইউসুফজাই

১১ অক্টোবর ঘোষিত হবে এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম। কে এ সম্মানজনক পুরস্কারটি পাবেন, তা নিয়ে গুঞ্জন তুঙ্গে উঠেছে। আলোচনায় যাঁদের নাম সবার চেয়ে বেশি শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে এগিয়ে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই, কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েগে এবং রাশিয়া ও বেলারুশের মানবাধিকারকর্মীরা।
আগামী সোমবার চিকিৎসায় নোবেলজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে এবারের নোবেল পুরস্কারের মৌসুম শুরু হচ্ছে।
অসলোর শান্তি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ক্রিস্টিয়ান বার্গ হার্পভাইকেন শান্তি পুরস্কার কমিটির কার্যক্রম ঘনিষ্ঠভাবে অনুসরণ করেন। ২০০৯ সাল থেকে তিনি সম্ভাব্য বিজয়ীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আসছেন। এ বছর তাঁর সংক্ষিপ্ত তালিকার সবার আগে রয়েছে মালালার নাম।
হার্পভাইকেন বলেন, ‘মালালা শুধু নারী ও শিশুশিক্ষা এবং নিরাপত্তার প্রতীকই নয়, সে উগ্রপন্থা ও উৎপীড়নের বিরুদ্ধে লড়াইয়েরও প্রতীক।’ অবশ্য অনেক বিশেষজ্ঞ মনে করছেন, মাত্র ১৬ বছর বয়সী এই কিশোরীর পক্ষে এত গুরুত্বপূর্ণ পুরস্কারের ভার বহন করা সম্ভব নয়। তাই এখনই তার ওপর এত বড় সম্মাননার বোঝা চাপিয়ে দেওয়া ঠিক হবে না।
স্টকহোম শান্তি গবেষণা ইনস্টিটিউটের প্রধান টিলম্যান ব্রুয়েক নরওয়ের সংবাদ সংস্থা এনটিবিকে বলেন, ‘নৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে একটি শিশুকে নোবেল শান্তি পুরস্কার দেওয়াটা সঠিক হবে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই।’ তিনি মনে করেন, এবারের শান্তি পুরস্কার কলম্বিয়ার শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী অথবা মিয়ানমারের সমাজ সংস্কারকদের দেওয়া যথার্থ হবে। এ ছাড়া রাশিয়ার নারী মানবাধিকারকর্মী লুদমিলা আলেক্সেভা, সভেতলানা গানুশকিনা ও লিলিয়া শিবানোভা এবং মানবাধিকার সংগঠন মেমোরিয়াল বা বেলারুশের কারাবন্দী কর্মী অ্যালেস বিলাইয়াতস্কি শান্তিতে নোবেল পেতে পারেন বলে শোনা যাচ্ছে।
এবারের শান্তি পুরস্কারের জন্য রেকর্ডসংখ্যক ২৬৯ জন মনোনয়ন পেয়েছেন। তবে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট কখনোই তাদের তালিকা প্রকাশ করে না। এ বছরের প্রথম নোবেল পুরস্কার দেওয়া হবে চিকিৎসাসেবায়। আগামী সোমবার স্টকহোমে জুরিবোর্ড পুরস্কার পাওয়া ব্যক্তির নাম ঘোষণা করবে। এএফপি।