শান্তিতে নোবেল রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেল পুরস্কার
নোবেল পুরস্কার

শান্তিতে এ বছর নোবেল পুরস্কার পেল অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ)। রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টায় অবদান রাখায় জাতিসংঘ-সমর্থিত ওই সংস্থাকে এ মর্যাদা দেওয়া হলো।
গতকাল শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি। কমিটির চেয়ারম্যান থর্বজোয়ার্ন জ্যাগল্যান্ড বলেন, বিশ্ব থেকে রাসায়নিক অস্ত্র দূর করতে জোরালো প্রচেষ্টার জন্য ওপিসিডব্লিউকে এই সম্মান দেওয়া হয়েছে।
এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের গুঞ্জনে ওপিসিডব্লিউর নাম শোনা যায়নি। বরং জোরেশোরে শোনা যাচ্ছিল পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই বা কঙ্গোর চিকিৎসক ডেনিসর মাকওয়েগির নাম। কিন্তু শেষ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে ওপিসিডব্লিউর নামা ঘোষণা করল নোবেল কমিটি।
শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি। দেশটির পার্লামেন্টের পাঁচ সদস্যকে নিয়ে এই কমিটি গঠন করা হয়। গতকাল কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে। এতে করে এ ধরনের অস্ত্র ধ্বংসের প্রচেষ্টা আরও জোরদার করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

ওপিসিডব্লিউর নামটি জোরেশোরে আলোচনায় আসে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ধ্বংসের দায়িত্ব পাওয়ার পর। যদিও নেদারল্যান্ডসের হেগভিত্তিক সংস্থাটি এ কাজ করে যাচ্ছে দেড় দশক ধরে। ১৯৯৩ সালে স্বাক্ষরিত রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে ১৯৯৭ সালে গঠন করা হয় ওপিসিডব্লিউ। বর্তমানে তাদের পাঁচ হাজারের বেশি পরিদর্শক কাজ করছেন ৮৬টি দেশে।

সিরিয়ার গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রথম অভিযোগ ওঠে চলতি বছরের মার্চে। তখন কোনো পক্ষই বিষয়টি স্বীকার করেনি। কিন্তু গত ২১ আগস্ট রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি স্থানে অনেক মানুষ হতাহতের ঘটনা ঘটে। সরকারবিরোধীরা দাবি করে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। আর সরকারপক্ষ এ জন্য পাল্টা দায়ী করে বিরোধীদের। কেউ দায় স্বীকার না করলেও এটা পরিষ্কার হয়ে যায় যে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।

তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা কয়েকটি দেশ এ জন্য সরাসরি বাশার সরকারকে দায়ী করে তাদের শায়েস্তা করতে সামরিক অভিযানের তোড়জোড় শুরু করে। কিন্তু নিজ নিজ দেশে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র বিরোধিতার মুখে তারা পিছু হটে। শেষ পর্যন্ত রাশিয়ার মধ্যস্থতায় একটি চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী বাশার সরকার রাসায়নিক অস্ত্র ধ্বংস করে ফেলতে রাজি হয়। আর এই কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয় ওপিসিডব্লিউকে।

যে কনভেনশন অনুযায়ী ওপিসিডব্লিউ পরিচালিত হয়, সেই রাসায়নিক অস্ত্র কনভেনশনে এখনো স্বাক্ষর করেনি সিরিয়া। তবে আগামী সোমবার দেশটি ওই কনভেশনে স্বাক্ষর করতে যাচ্ছে। বর্তমানে ওপিসিডব্লিউর সদস্য ১৮৯টি দেশ।

ওপিসিডব্লিউর প্রায় ৩০ জন পরিদর্শক ও জাতিসংঘ বিশেষজ্ঞ বর্তমানে সিরিয়ায় কাজ করছেন। তাঁরা দেশটিতে রাসায়নিক অস্ত্র তৈরির কারখানা ধ্বংসের কাজ শুরু করেছেন। এ ছাড়া সিরিয়ায় শিগগির আরও একটি বড় দল পাঠানো হবে বলে গত মঙ্গলবার ঘোষণা দিয়েছে ওপিসিডব্লিউ।

এ নিয়ে পর পর দুই বছর কোনো সংস্থা নোবেল শান্তি পুরস্কার পেল। গত বছর এ পুরস্কার পেয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। এএফপি ও বিবিসি।