শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের জন্য জায়গা বরাদ্দ
রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার তৈরি হচ্ছে বাংলাদেশ ভবন। এ ব্যাপারে বিশ্বভারতী কর্তৃপক্ষ এই ভবন নির্মাণের জন্য জায়গাও বরাদ্দ করেছে। আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন বাংলাদেশ সরকারের শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে এই ভবন নির্মাণের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তখন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন নির্মাণের প্রস্তাব গৃহীত হয়।
জানা গেছে, বাংলাদেশ ভবনে থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ-সংক্রান্ত নানা ইতিহাস, গ্রন্থাগার, মিলনায়তন, বাংলাদেশ সম্পর্কে গবেষণার নানা তথ্য, চিত্রশালাসহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের নানা স্মারক। থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশে অবস্থানের নানা তথ্য, ইতিহাস, স্মারক ও চিত্রাবলি।