শান্তিনিকেতনের আদল পাবে নজরুলের ভিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি কাজী নজরুল ইসলামের জন্মভিটা চুরুলিয়াকে এবার রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের আদলে গড়া হবে। পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগ নিয়েছে। চুরুলিয়া পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অসানসোলে অবস্থিত।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বর্ধমান জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল গত শুক্রবার সরেজমিনে দেখার জন্য চুরুলিয়ায় যান। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিত দত্ত। প্রতিনিধিরা নজরুল একাডেমির কর্মকর্তা এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। ঘুরে দেখেন চুরুলিয়া।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্য সরকার একটি মাস্টার প্ল্যানও তৈরি করছে। সরকার চাইছে, চুরুলিয়ার নজরুল একাডেমিকে আরও সমৃদ্ধ করতে। এ ছাড়া নজরুলের রচনাবলি নিয়ে ডিজিটাল লাইব্রেরি গড়া, বর্তমান সংগ্রহশালাকে আরও আধুনিকীকরণ করা, কবির স্মৃতিসৌধের সৌন্দর্য বাড়ানো, নজরুলকে নিয়ে দেশ-বিদেশের গবেষকদের গবেষণা করার জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করার কাজ করতে চায় সরকার। দেশ-বিদেশের পর্যটক ও গবেষকদের থাকার জন্য আবাসনের উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পরিকল্পনাও সরকারের আছে।