শান্তির লক্ষ্যে তালেবানের সঙ্গে আলোচনা চায় মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানি কিশোরী মালালা চায়, দেশে শান্তি প্রতিষ্ঠায় সরকার তালেবানের সঙ্গে আলোচনায় বসুক। ছবি: বিবিসি
পাকিস্তানি কিশোরী মালালা চায়, দেশে শান্তি প্রতিষ্ঠায় সরকার তালেবানের সঙ্গে আলোচনায় বসুক। ছবি: বিবিসি

পাকিস্তানে তালেবান হামলার শিকার হওয়া নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই বলেছে, শান্তি প্রতিষ্ঠার জন্য তালেবানের সঙ্গে আলোচনা হওয়া প্রয়োজন।
২০১২ সালের অক্টোবরে পাকিস্তানে নিজের বাড়ির কাছে এক স্কুলবাসে তালেবানদের হামলার শিকার হয় মালালা। নারীশিক্ষা বিস্তারে প্রচার চালানো এক কিশোরীর ওপর তালেবানের এমন হামলা বিশ্বজুড়ে নিন্দিত হয়। ১৬ বছর বয়সী এ কিশোরীকে উন্নত চিকিত্সার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। সে বর্তমানে বার্মিংহামে বাস করছে।
হাসপাতালে চিকিত্সাধীন থাকার সময় মালালার মাথার খুলিতে কয়েক দফা অস্ত্রোপচার করা হয়।
প্রথমবারের মতো বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে মালালা বলে, শান্তি প্রতিষ্ঠার জন্য তালেবানের সঙ্গে আলোচনা হওয়া জরুরি।
সাক্ষাত্কারে মালালা আরও বলে, ‘সমস্যা সমাধানে ও যুদ্ধবিরোধী সংগ্রামের সবচেয়ে ভালো উপায় হলো আলোচনা করা।...এটা আমার কাজ নয়, এ দায়িত্ব সরকারের। আমেরিকারও।’
গত জুলাই মাসে তালেবান বাহিনী এবং যুক্তরাষ্ট্র ও আফগান সরকারের মধ্যেকার এক পূর্বনির্ধারিত আলোচনা ভেস্তে যায়। আলোচনার জন্য কাতারের দোহায় তালেবান বাহিনী যে দপ্তর খুলেছিল, সেটি কাতার সরকার বিশেষ মর্যাদা দিলে আপত্তি করে আফগান সরকার। এর জের ধরে বিরোধ প্রকাশ্য হয়ে ওঠে এবং আলোচনা শুরুর আগেই ভেস্তে যায়।

বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে মালালা বলে, ‘তালেবানরা যে তাদের দাবি নিয়ে আলোচনা করছিল, সেটি গুরুত্বপূর্ণ। তারা যা চাইছে, সেটি পাওয়ার পথ হলো আলোচনা।...হত্যা, নির্যাতন বা চাবকানো সম্পূর্ণভাবে ইসলামের পরিপন্থী। তারা (তালেবানরা) ইসলামের অপব্যবহার করছে।’
সাক্ষাত্কারে মালালা তার ওপর চালানো হামলার বর্ণনা দেয়। সে বলে, ‘সেদিন স্কুলবাসটি যে পথ ধরে যাচ্ছিল, সেটি ছিল অস্বাভাবিক রকম ফাঁকা। (আমি) হাত তুলে গাড়িটি থামাতে না থামাতেই এক বন্দুকধারী গুলি চালানো শুরু করে।’
মালালা বলে, ‘আমি দেখলাম, আশপাশে কেউ নেই। অন্য দিন সেখানে অনেক লোকজন ও ছেলেপুলে থাকে এবং তাদের একটি বড় অংশ দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। কিন্তু আজ (সেদিন)...সব ফাঁকা।’
মালালা গত জুলাইতে জাতিসংঘে ভাষণ দেয় এবং পাকিস্তানে ফিরে দেশের রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। সে বলেছিল, ‘ভবিষ্যতে আমি রাজনীতিবিদ হব। আমি দেশের ভবিষ্যত্ বদলে দিতে এবং শিক্ষাকে বাধ্যতামূলক করতে চাই।...আশা করি, একদিন পাকিস্তানের জনতা মুক্তি পাবে, অধিকার বুঝে পাবে, শান্তি আসবে এবং প্রতিটি ছেলেমেয়ে স্কুলে যাবে।’