শান্তির সম্ভাবনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলা চালাতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়াবকভ সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে দামেস্কে সাক্ষাত্ করেন। ছবি: রয়টার্স
রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়াবকভ সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে দামেস্কে সাক্ষাত্ করেন। ছবি: রয়টার্স

সিরিয়া ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার পথটি সুগম হবে না বলে মনে করছে রাশিয়া। দেশটি আশঙ্কা করছে, রাসায়নিক অস্ত্র হস্তান্তরের মাধ্যমে সিরিয়ার সরকার মার্কিন হামলাকে কেবল পিছিয়েই দিতে পারে, চিরতরে ঠেকাতে পারবে না।

আল জাজিরা জানায়, রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার্গেই রায়াবকভ আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, ‘দুঃখজনক হলেও মনে রাখা দরকার যে আমেরিকানদের সঙ্গে আলোচনা চালানো খুব সহজ হচ্ছে না ... তাদের যেদিকে যাওয়া উচিত, তারা সেদিকে যাচ্ছে না।’

রায়াবকভ বলেন, রাশিয়া আশা করছে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ভান্ডার হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে এ সপ্তাহেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি চুক্তিতে উপনীত হওয়া যাবে। তবে সেটি যে হবেই, তার নিশ্চয়তা নেই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমেরিকান কর্মকর্তারা সব সময়ই বলছেন, দামেস্ককে সাজা দেওয়ার প্রক্রিয়া এখনো জারি আছে। তাঁদের কথাবার্তা থেকে আমাদের কাছে এটাই প্রতীয়মান হয়েছে যে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাঁরা যে হামলাটি করতে চাইছিলেন, সেটি কিছুটা পিছিয়েছে, কিন্তু আয়োজন বন্ধ হয়নি।’

রায়াবকভ আরও বলেন, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্য হুমকি হবে, এমন সব শর্ত ঢোকানোর জন্য যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা চাপাচাপি করছে। অথচ এ ধরনের আচরণ ‘অযৌক্তিক’। তিনি বলেন, পশ্চিমাদের প্রস্তাব হলো, সিরিয়া যদি কোনো কারণে তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে না পারে, তবে কোনো অজুহাত ছাড়াই দেশটির ওপর হামলা চলানো যাবে। কিন্তু চুক্তিতে এ ধরনের স্বতঃসিদ্ধ ব্যবস্থার কোনো বিধান অন্তর্ভুক্ত হলে রাশিয়া তাতে রাজি হবে না।

প্রস্তাব নিয়ে বিরোধ

রায়াবকভ বলেন, সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদের চুক্তি হবে জাতিসংঘ সনদের সপ্তম ধারা অনুযায়ী। অর্থাত্ দেশটির ওপর অবরোধ আরোপ থেকে শুরু করে বল প্রয়োগও করা চলবে। তবে তা তখনই করা যাবে, যখন দেশটি রাসায়নিক অস্ত্রসংক্রান্ত বিধিনিষেধ অমান্য করবে।

পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় দেওয়া বক্তব্যে রায়াবকভ আরও বলেন, নিরাপত্তা পরিষদের প্রস্তাবটির উদ্দেশ্য হওয়া উচিত রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থার (ওপিসিডব্লিউ) লক্ষ্য এগিয়ে নিয়ে যাওয়া। তিনি বলেন, আসাদ সরকার ইতিমধ্যেই সদিচ্ছার পরিচয় দিয়েছে এবং রাসায়নিক অস্ত্র হস্তান্তরের জন্য যেকোনো আন্তর্জাতিক চুক্তিতে উপনীত হতে সম্মত হয়েছে।