শান্তিরক্ষায় কমান্ডিং পদে বাংলাদেশি নিতে আগ্রহী জাতিসংঘ
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খেরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করছেন। তিনি বলেন, ভবিষ্যতে শান্তিরক্ষা কার্যক্রমের নেতৃস্থানীয় (কমান্ডিং) পদে বাংলাদেশের নাগরিক নিয়োগের ব্যাপারে জাতিসংঘ আগ্রহী। এ ব্যাপারে শিগগিরই গুরুত্বপূর্ণ ঘোষণা আসছে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খেরে এসব কথা বলেন।
তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্টের (ডিএফএস) আন্ডার সেক্রেটারি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস জানায়, আজ সকালে অতুল খেরে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেনের সঙ্গে ঢাকা সেনানিবাসের সেনা সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন। এ সময় বিসপটের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম তাঁকে অবহিত করা হয় এবং তিনি সেখানে মহড়া দেখেন।
পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতুল খেরে সকালে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন।
বিকেলে সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে অতুল খেরে বলেন, ‘৩১ জুলাই পর্যন্ত জাতিসংঘের ১০টি শান্তিরক্ষা কার্যক্রমে ৯৯৯৮ শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে এ মুহূর্তে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এঁরা মালি, মধ্য আফ্রিকা ও দক্ষিণ সুদানের মতো দেশে জটিল পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর কৃতিত্ব হচ্ছে তাঁরা দুর্গম, জটিল পরিবেশ ও অনিরাপদ জায়গায় কাজ করছেন। এতসব বৈরিতার পর চ্যালেঞ্জিং পরিবেশে শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশের সৈন্যরা অসাধারণ ভূমিকা পালন করছেন। তাদের এ ভূমিকায় সন্তুষ্ট বলে বাংলাদেশের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে বাংলাদেশে এসেছি।’
কমান্ডিং পদে বাংলাদেশের নিয়োগের বিষয়ে জানতে চাইলে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ঊর্ধ্বতন পর্যায়ে বাংলাদেশের নাগরিকদের নিয়োগ দেওয়ার বিষয়ে আমরা অবগত আছি। বাংলাদেশের শান্তিরক্ষীরা বর্তমানে তিনজন বাংলাদেশি সেনা কর্মকর্তার সেক্টর কমান্ডার ও ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে খুব শিগগিরই গুরুত্বপূর্ণ ঘোষণা আসছে। বিশেষ করে মালিতে পূর্বাঞ্চলীয় সেক্টর কমান্ডার হিসেবে এই নিয়োগ হবে। এরপর ঊর্ধ্বতন পর্যায়ে আরও বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়োগ করা যায়।’
অতুল খেরে জানান, মূলত ঊর্ধ্বতন পর্যায়ে ইংরেজির পাশাপাশি ফরাসি ভাষায় দক্ষতার সঙ্গে কথা বলতে পারেন এমন ব্যক্তিদের কমান্ডিং পদে নিয়োগের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি বিবেচনায় নিয়ে বিপসটে ল্যাংগুয়েজ ল্যাব নিয়ে কাজ হচ্ছে।
অতুল খেরে জানান, গত বছর শান্তি রক্ষাবিষয়ক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পর এ বিষয়গুলোতে যে অগ্রগতি হয়েছে সে সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।