শান্তিরক্ষী বাহিনী পাঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা বজায় রাখতে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন কিরগিজস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ। গতকাল রোববার রুশ বার্তা সংস্থা আরআইএ-নোভোস্তি এ কথা জানায়।আরআইএ নোভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে বাকিয়েভ বলেন, আরও রক্তপাত ঠেকাতে বাইরের বাহিনীর প্রয়োজন। তিনি বলেন, পুলিশ অসহায় হয়ে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও একই অবস্থা। আবারও যদি বন্দুকযুদ্ধ বেধে যায়, তাহলে তাদের বাহিনী তা থামাতে পারবে না। তিনি আরও বলেন, তাই কিরগিজস্তানে এখন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি জরুরি।দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সহিংস বিক্ষোভের মুখে গত সপ্তাহে রাজধানী বিশকেক ছেড়ে পালিয়ে যান বাকিয়েভ। তিনি রাজধানী ছেড়ে পালিয়ে যাওয়ার পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী রোজা ওতুনবায়েভার নেতৃত্বে বিরোধীরা একটি অন্তর্বর্তী সরকার গঠন করেন।প্রেসিডেন্টের পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে যাওয়ার জন্য বাকিয়েভের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু বার্তা সংস্থা এএফপির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে বাকিয়েভ বলেছেন, তাঁর পদত্যাগের কোনো ইচ্ছাই নেই। ওতুনবায়েভার অভিযোগ, দেশে একটি গৃহযুদ্ধ বাধানোর জন্য ইন্ধন জোগাচ্ছেন বাকিয়েভ। এএফপি।