শান্তিরক্ষী মোতায়েন নিয়ে সংশয়ে মালি সরকার
মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন নিয়ে সংশয়ে ভুগছে দেশটির সরকার। সংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল মঙ্গলবার এ তথ্য জানান।জাতিসংঘের উপমহাসচিব জ্যঁ এলিয়াসন বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের কার্যক্রম শুরু করার ব্যাপারে আমরা দেশটির সরকারের কাছ থেকে এখনো স্পষ্ট সবুজ সংকেত পাইনি।’ তবে অন্য দেশগুলো ওই কার্যক্রম শুরুর পক্ষে ক্রমেই সমর্থন দিচ্ছে বলে তিনি জানান।মালির ইসলামপন্থী বিদ্রোহীদের উৎখাত করতে দেশটিতে ইতিমধ্যে ফ্রান্স এবং আফ্রিকার কয়েকটি দেশ কয়েক হাজার সেনা পাঠিয়েছে। তারা বিদ্রোহীদের কাছ থেকে মালির উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা পুনর্দখল করেছে। গত বছরের এপ্রিল থেকে এসব এলাকা বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছিল।বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শহুরে এলাকাগুলোর বেশির ভাগই কোনো রকম লড়াই ছাড়া দখলমুক্ত হয়। এলাকাগুলো থেকে বিদ্রোহীরা আলজেরিয়া সীমান্তবর্তী সাহারা মরুভূমির পার্বত্য অঞ্চলে সরে গেছে। তবে রোববার উত্তরাঞ্চলের বৃহত্তম শহর গাওয়ে সেনাদের সঙ্গে বিদ্রোহীদের চার ঘণ্টা লড়াই চলে।ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা থমাস ফেসি জানান, কিছু বিদ্রোহী শহরের অধিবাসীদের সঙ্গে মিশে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি।