সোমালিয়ায় আল-কায়েদার সহযোগী সংগঠন আল-শাবাব বলেছে, ‘পশ্চিমা বিশেষ বাহিনী’ গত শুক্রবার তাদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে গভীর রাতে সমুদ্র ও আকাশপথে চালানো ওই হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে জঙ্গি সংগঠনটি।
আল-শাবাব বলেছে, হামলার লক্ষ্যবস্তু ছিল সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দর বারাওয়েতে অবস্থিত তাদের একজন জ্যেষ্ঠ কমান্ডারের বাড়ি। সংগঠনটির স্থানীয় কমান্ডাররা বলছেন, একটি পশ্চিমা দেশের কমান্ডো বাহিনীর সদস্যরা হেলিকপ্টার থেকে রাতের আঁধারে অবতরণ করে হামলা চালায়। তবে পশ্চিমা কোন দেশ এই অভিযান চালিয়েছে তা স্পষ্ট নয়।
আল-শাবাবের বন্দুকধারীরা প্রতিবেশী কেনিয়ার ওয়েস্টগেট বিপণিবিতানে রক্তক্ষয়ী হামলা চালানোর দুই সপ্তাহের মাথায় এই অভিযানের খবর পাওয়া গেল। জঙ্গি ইসলামী বন্দুকধারীরা টানা চার দিন কেনিয়ার নাইরোবির ওই অভিজাত বিপণিবিতান অবরোধ করে রেখেছিল। এ ঘটনায় মোট ৬৭ জন নিহত হয়।
সমুদ্র-তীরবর্তী ছোট শহর বারাওয়ের শাবাব কমান্ডার মোহাম্মদ আবু সুলাইমান বলেন, ‘আল্লাহর শত্রুরা একটি হেলিকপ্টার ব্যবহার করে আকস্মিক অভিযান চালিয়ে মুজাহিদিন কমান্ডারদের হতচকিত করার চেষ্টা করেছে। তবে তারা একটা শিক্ষা পেয়েছে। তারা ব্যর্থ হয়েছে। বাড়িটির ভেতরে থাকা আমাদের যোদ্ধারা পাল্টা আক্রমণ করলে কাপুরুষেরা পালিয়ে যায়।’
শাবাবের মুখপাত্র আবদুল আজিজ আবু মুসাব বলেছেন, হামলাকারীরা নৌযানে করে সমুদ্র উপকূলবর্তী স্থানেও অভিযান চালিয়েছে। তিনি বলেন, ‘এই ব্যর্থ অভিযান চালিয়েছে শ্বেতাঙ্গ লোকজন। তারা সমুদ্রে থাকা একটি জাহাজ থেকে দুটি ছোট নৌযানে করে তীরে এসে হামলা চালায়... শাবাবের একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তবে শিগগিরই প্রতিরোধ গড়ে তোলা হলে বিদেশিরা পালিয়ে যায়।’
রাতে আকাশে হেলিকপ্টার চক্কর দেওয়া ও ভারী গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘হেলিকপ্টারের শব্দে আমার ঘুম ভেঙে যায়। এর কয়েক মিনিটের মাথায় গোলাগুলি শুরু হয়। কী ঘটেছে তা সঠিকভাবে আমরা জানি না। তবে এই হামলার লক্ষ্যবস্তু ছিল একটি বাড়ি। ওই বাড়িতে কয়েকজন আল-শাবাব কমান্ডার ছিলেন।
ওয়েস্টগেটে হামলার পর আল-শাবাব হুমকি দিয়েছিল, কেনিয়া সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার না করলে ‘রক্তের নদী’ বইয়ে দেওয়া হবে। এএফপি ও রয়টার্স।