কেনিয়া গতকাল শুক্রবার দাবি করেছে, তারা সোমালিয়ায় জঙ্গি সংগঠন আল-শাবাবের প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে হত্যা করেছে। এর মধ্যে কয়েকজন শীর্ষ কমান্ডারও রয়েছেন। তবে জঙ্গিরা তাৎ ক্ষণিকভাবে এ দাবির সত্যতা নাকচ করে দিয়েছে।
কেনিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ওই হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তু ছিল সোমালিয়ার গেদো অঞ্চলে শাবাবের একটি প্রশিক্ষণ শিবির। এলাকাটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৩৯০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত। এটির অবস্থান কেনিয়া ও ইথিওপিয়া সীমান্তের কাছে।
কেনিয়া প্রতিরক্ষা বাহিনীর (কেডিএফ) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘কেডিএফের যুদ্ধবিমান আল-শাবাবের একটি শিবিরে আক্রমণ করে। ঘটনার সময় সেখানে একটি বৈঠক চলছিল। সেখানে শাবাবের ৩০ জনের বেশি জঙ্গি নিহত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এর মধ্যে তিনজন গুরুত্বপূর্ণ কমান্ডারও রয়েছেন।’
সামরিক বাহিনীর আরেক কর্মকর্তা জানান, কেনিয়ার সেনাবাহিনী ওই অভিযানের সময় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘আমরা এখনো তাদের পরিচয় শনাক্ত করতে পারিনি। তবে তারা যে জঙ্গি সংগঠনটির বড় পর্যায়ের নেতা, সে ব্যাপারে আমরা নিশ্চিত।’ জঙ্গিদের পাঁচটি গাড়ি এবং অন্যান্য ‘গুরুত্বপূর্ণ সম্পদ’ ধ্বংস হয়েছে বলেও তিনি জানান।
স্থানীয় গণমাধ্যমের খবরে নিহতের সংখ্যা ১০ বলে জানানো হয়েছে। আর স্থানীয় বাসিন্দারা ওই অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর দিয়েছেন।
তবে আল-শাবাবের মুখপাত্র আবদিয়াজিজ আবু মুসাব কেনিয়ার এসব দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সেখানে আমাদের যোদ্ধাদের কোনো উপস্থিতি নেই। ওই এলাকায় শাবাবের একজন যোদ্ধাও নেই। আমাদের কেউ নিহত হয়নি।’
আফ্রিকান ইউনিয়নের বাহিনীর অংশ হিসেবে ২০১১ সালের অক্টোবর মাস থেকে সোমালিয়ায় শাবাবের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে কেনিয়ার সেনারা।
গত সেপ্টেম্বরে কেনিয়ার ওয়েস্টগেট বিপণিবিতানে আলোচিত জঙ্গি হামলাসহ দেশটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে শাবাব। এর পরও প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা সোমালিয়ায় কেনিয়ার সেনা উপস্থিতি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এএফপি ও বিবিসি।