কিউবায় চিকিৎসাধীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের অবস্থা গুরুতর, তবে ‘স্থিতিশীল’। দুই সপ্তাহ আগে তাঁর শরীরে জরুরি অস্ত্রোপচার হয়। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে প্রকাশিত এল নুয়েভো হেরাল্ড পত্রিকা এ খবর দিয়েছে। স্প্যানিশ ভাষার পত্রিকা এল নুয়েভো হেরাল্ড গত শনিবার নাম উল্লেখ না করে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তাঁর অবস্থাসংক্রান্ত খবর প্রকাশ করে। শাভেজ প্রস্টেট ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন—এমন গুঞ্জনের ব্যাপারে ওই সূত্র কোনো মন্তব্য করতে চায়নি। প্রতিবেদনে বলা হয়, ৫৬ বছর বয়সী শাভেজের অবস্থা গুরুতর। তাঁর স্ত্রী মারিশাবেল রদ্রিগুয়েজ ও মেয়ে রোজাইনস কিউবা গেছেন। তবে তাঁদের কিউবা যাওয়ার কথা শনিবার রাতে নাকচ করে দেন ভেনেজুয়েলা সরকারের কর্মকর্তারা। কিন্তু প্রেসিডেন্ট শাভেজ শুক্রবার নিজেই ইন্টারনেটে টুইটার বার্তায় জানান, তাঁর ছোট মেয়ে তিন নাতি-নাতনি নিয়ে তাঁকে দেখতে কিউবা গেছেন। নিয়মিত টুইটারে বার্তা দেন শাভেজ। এবার বেশ কয়েক দিন পর বার্তা দিলেন তিনি।অসুস্থ শাভেজের অনুপস্থিতি নিয়ে ভেনেজুয়েলায় উদ্বেগের পাশাপাশি নানা ধরনের গুঞ্জন ছড়াচ্ছে। ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাভেজের মেরুদণ্ডের গোড়ার দিকে হওয়া ফোড়ার জন্য ১০ জুন কিউবায় অস্ত্রোপচার করা হয়। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শাভেজের ভাই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানান, সপ্তাহ দুয়েকের মধ্যে কারাকাসে ফিরবেন প্রেসিডেন্ট। সব সময় নানাভাবে খবরে থাকলেও অস্ত্রোপচারের সময় থেকে শাভেজ অস্বাভাবিক রকম নীরব ছিলেন। রাজধানী কারাকাসে বিরোধী আইন-প্রণেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁরা অভিযোগ করছেন, প্রেসিডেন্ট শাভেজ বিদেশ থেকে সরকার পরিচালনা করছেন, যা অসাংবিধানিক।ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী আন্দ্রেস ইজারা টুইটারে এক বার্তায় গুজবে কান না দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট সুস্থ হয়ে উঠছেন। জ্যেষ্ঠ কূটনীতিক টেমির পোরাস টুইটার বার্তায় প্রেসিডেন্ট শাভেজের ‘শত্রুদের’ কোনো স্বপ্ন না দেখার জন্য পরামর্শ দিয়েছেন। এএফপি, বিবিসি।