শাভেজের সঙ্গে পুতিনের জ্বালানি চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের সঙ্গে জ্বালানি-সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি করেছেন। প্রধানমন্ত্রী পুতিন গত শুক্রবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সফরে গিয়ে এ চুক্তি করেন। ভেনেজুয়েলার তেল উত্তোলন, প্রতিরক্ষা, পরমাণু বিদ্যুৎ ও ভূ-উপগ্রহ উেক্ষপণ কেন্দ্র স্থাপনে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।এদিকে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস শুক্রবার কারাকাসে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেন। ওই সময় শাভেজও উপস্থিত ছিলেন। শাভেজ ও মোরালেস দুজনই লাতিন আমেরিকায় মার্কিন সাম্রাজ্যবিরোধী হিসেবে পরিচিত। পুতিন ও শাভেজ শুক্রবার রুশ কোম্পানি ও ভেনেজুয়েলার সরকারি তেল কোম্পানি পিডিভিএসএর মধ্যে দুই হাজার কোটি ডলারের একটি প্রকল্পের উদ্বোধন করেন। এ প্রকল্পের আওতায় ভেনেজুয়েলার ওরিনকো নদীর তেল অঞ্চল থেকে প্রতিদিন সাড়ে চার লাখ ব্যারেল তেল উত্তোলন করা হবে। এ উত্তোলন ওপেক সদস্য ভেনেজুয়েলার বর্তমান তেল উৎপাদনের প্রায় পাঁচ গুণ। পুতিনের এ সফরে ভেনেজুয়েলার সঙ্গে নতুন কোনো প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে আগে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী রাশিয়া ভেনেজুয়েলাকে প্রতিশ্রুত ৩৮টি সামরিক হেলিকপ্টারের শেষ চারটি সরবরাহ করবে। তবে রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত এ চুক্তিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোট গঠনের প্রক্রিয়া হিসেবে মনে করছেন না শাভেজ। বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শাভেজ বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো জোট গঠন করছি না আমরা। এ ব্যাপারে ওয়াশিংটন কী ভাবছে, তাও পরোয়া করি না।’ তিনি বলেন, ‘পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে প্রথম প্রকল্পের খসড়া তৈরি করতে আমরা প্রস্তুত। অবশ্যই এটা শান্তিপূর্ণ উদ্দেশে হবে যে আমরা কোনো পরমাণু বোমা তৈরি করতে যাচ্ছি না।’ শাভেজ বলেন, ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যতটুকু অস্ত্র প্রয়োজন ততটুকুই মস্কোর কাছ থেকে কিনতে পারে। তিনি আরও বলেন, ‘আমরা এখানে ভূ-উপগ্রহ উেক্ষপণ কেন্দ্র ও কারখানা স্থাপন করতে পারি। আমরা ইতিমধ্যে এ ব্যাপারে চীনের সঙ্গে কাজ শুরু করেছি। রাশিয়া আমাদের নিজেদের মহাকাশ শিল্প স্থাপনে সহায়তা দেওয়ারও প্রস্তাব দিয়েছে।’এর আগে ২০০৫ থেকে ২০০৭ সালে রাশিয়া ও ভেনেজুয়েলার মধ্যে ৪৪০ কোটি ডলার মূল্যের ১২টি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।কারাকাসে বিবিসির প্রতিনিধি জানান, ১৯৯৯ সালে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সফরের পর সম্ভবত পুতিনই হচ্ছেন ভেনেজুয়েলা সফর করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি।বিশ্লেষকেরা মনে করছেন, ভ্লাদিমির পুতিনের এই ১২ ঘণ্টার সফর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে নানা চাপের মুখে থাকা হুগো শাভেজের অবস্থানকে শক্তিশালী করবে। দেশটির অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে না পারার ব্যর্থতা ও বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনের হুমকির মুখে রাশিয়ার প্রধানমন্ত্রীর সফর হুগো শাভেজের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। ক্রমবর্ধমান বিদ্যুৎ-সংকটে জর্জরিত ভেনেজুয়েলার জন্য রাশিয়ার পরমাণু সহযোগিতার প্রতিশ্রুতিও শাভেজের একটি রাজনৈতিক অর্জন বলে মনে করছেন বিশ্লেষকেরা।যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ তেল রপ্তানিকারক দেশ ভেনেজুয়েলা থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে। তবু হুগো শাভেজ মনে করেন, যুক্তরাষ্ট্র যেকোনো সময় ভেনেজুয়েলার তেলক্ষেত্রগুলো আক্রমণ করতে পারে। এ কারণে তিনি রাশিয়া, চীন প্রভৃতি দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং রাশিয়া ও ইরানের কাছ থেকে পরমাণু বিদ্যুৎকেন্দ্র গড়তে আগ্রহী। রয়টার্স ও বিবিসি।