শারজায় ১৭ ভারতীয়কে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল
সংযুক্ত আরব আমিরাতের শারজার একটি আদালত সম্প্রতি ১৭ ভারতীয়কে মৃত্যুদণ্ডের যে রায় দেন, তার বিরুদ্ধে আপিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের এক কর্মকর্তা এ কথা জানান। পাকিস্তানের এক নাগরিককে খুন ও তিন ব্যক্তিকে আহত করার মামলায় ওই ভারতীয়দের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।দুবাইয়ে ভারতের কনসাল জেনারেল সঞ্জয় বার্মা বলেন, বুধবার শারজার আপিল আদালতে আপিল করা হয়েছে।শুরুতে দুবাইয়ে ভারতের কনসুলেট জানায়, ১৭ ভারতীয়দের পক্ষে আইনি লড়াই করতে তারা দুবাইভিত্তিক আইনি প্রতিষ্ঠান মোহামেদ সালমান আইনজীবী ও লিগ্যাল কনসালটেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এর আগে ওই আইনি প্রতিষ্ঠানের পক্ষে বিন্দু সুরেশ চেত্তুর নামের এক আইনজীবী দণ্ডপ্রাপ্ত ভারতীয়দের সঙ্গে দেখা করেন। আইনজীবী বলেন, ‘আমি তাঁদের (বন্দী) সঙ্গে কারাগারে দেখা করেছি। তাঁরা কাগজপত্রে সই করেছেন।’ কনসুলেটের কর্মকর্তারা এ সপ্তাহের শুরুতে ১৭ ভারতীয়র সঙ্গে দেখা করে জানান, বন্দীদের স্বাস্থ্য ভালো আছে। পিটিআই।