শারম-আল-শেখে ব্যর্থতা, জেরুজালেমে ফের বৈঠক আব্বাস-নেতানিয়াহুর
মিসরে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন ইস্যুতে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। বিষয়টি সুরাহা করার উপায় খুঁজতে গতকাল বুধবারও তাঁরা বৈঠক করেছেন। গত মঙ্গলবার মিসরের পর্যটন নগর শারম-আল-শেখে বৈঠক অনুষ্ঠিত হলেও গতকালের বৈঠক অনুষ্ঠিত হয়েছে জেরুজালেমে। বৈঠক শুরু হওয়ার আগে হিলারি ক্লিনটন বলেছেন, আব্বাস ও নেতানিয়াহু ‘নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন’ করে যাচ্ছেন।যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত এবং বৈঠকের অন্যতম মধ্যস্থতাকারী জর্জ মিশেল বলেছেন, তাঁর বিশ্বাস তাঁরা সঠিক পথেই এগোচ্ছেন। গত মঙ্গলবার জর্জ মিশেল, হিলারি ক্লিনটন, বেনিয়ামিন নেতানিয়াহু ও মাহমুদ আব্বাস যে বৈঠকে বসেন, তার প্রধান লক্ষ্য ছিল পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণবিষয়ক সমস্যার সমাধান করা। ইসরায়েল সরকারি আদেশে পশ্চিম তীরে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বসতি নির্মাণ নিষিদ্ধ করেছে। ওই নিষেধাজ্ঞার মেয়াদ না বাড়ালে অক্টোবর থেকেই সেখানে নতুন বসতি নির্মাণ শুরু হওয়ার কথা। মাহমুদ আব্বাস বলেছেন, সেখানে বসতি নির্মাণ শুরু করা হলে তাঁরা আলোচনা থেকে বেরিয়ে যাবেন। শান্তির স্বার্থে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ইসরায়েলকে নতুন বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান জানান। কিন্তু নেতানিয়াহু বলেছেন, তাঁরা ওই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াবেন না। কোনো পক্ষ নমনীয় না হওয়ায় বসতি ইস্যুতে মঙ্গলবারের বৈঠক ব্যর্থ হয়। তবে হাল ছেড়ে না দিয়ে গতকাল তাঁরা জেরুজালেমে আবার বৈঠক করেন। আল জাজিরার রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, এ বৈঠকের সাফল্য নিয়ে আশাবাদের ঘাটতি থাকায় আলোচনার অগ্রগতি সম্পর্কে কোনো পক্ষই মুখ খুলছে না। তিনি বলেন, শারম-আল-শেখ ও জেরুজালেম বৈঠক থেকে কী ফল পাওয়া গেল, তার কিছুই এখনো জানা যায়নি। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল-আবু-রদানিয়াহ বলেছেন, এখনো তাঁদের সামনে অনেক প্রতিবন্ধকতা রয়ে গেছে। পশ্চিম তীর থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ বলেছেন, এ আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ‘খালি হাতে’ এসেছে। তিনি বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার শূন্যতা পূরণ করতে সক্ষম এমন কোনো সমাধানের পন্থা মার্কিন প্রশাসনের সঙ্গে নেই।তবে গতকাল বৈঠক শুরুর আগে হিলারি বলেন, দুই পক্ষের নেতারা লক্ষ্য অর্জনে কাজ শুরু করেছেন। তিনি মনে করেন, এক বছরের মধ্যেই শান্তিচুক্তি করার ব্যাপারে উভয় পক্ষ মতৈক্যে পৌঁছাতে পারবে। তবে বিশ্লেষকেরা মনে করছেন, নানা কারণে ঐক্যমত্য অর্জন অত্যন্ত দুরূহ হয়ে পড়বে। এএফপি, আল জাজিরা ও বিবিসি অনলাইন।