শারীরিক সম্পর্কের আগে জানাতে হবে পুলিশকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ এক নাগরিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক নারী। কিন্তু যুক্তরাজ্যের উত্তর ইয়র্কশায়ারের একটি আদালতে প্রমাণিত হয় শারীরিক সেই সম্পর্কের ক্ষেত্রে অনুমতি ছিল অভিযোগকারী ওই নারীরও। এ কারণে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয় ওই ব্যক্তিকে। তবে অভিযোগ থেকে মুক্তি পেলেও একটি ‘তবে’ যুক্ত করেছেন বিচারক। এখন থেকে ওই ব্যক্তি যদি শারীরিক সম্পর্কের কোনো পরিকল্পনা করে থাকেন তা অন্তত ২৪ ঘণ্টা আগে জানাতে হবে পুলিশকে। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে গত বছরের ডিসেম্বরে ৪০ বছর বয়সী ওই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়। তখন বলা হয়েছিল আদেশটি শুধুমাত্র ডিসেম্বরের জন্যই কার্যকর থাকবে। তবে সম্প্রতি চার মাসের জন্য বাড়ানো হয় এই মেয়াদ। আদেশে বলা হয়, যদি ওই ব্যক্তি শারীরিক সম্পর্কের পরিকল্পনা করে থাকেন তবে তা পুলিশকে জানাতে হবে। নয়তো পাঁচ বছরের জেল। উল্লেখ করতে হবে যে নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন তাঁর নাম, ঠিকানা এবং জন্মতারিখ।
এ ছাড়াও ওই ব্যক্তির ইন্টারনেট এবং মোবাইল ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তা ছাড়া যদি ওই ব্যক্তি ঠিকানা পরিবর্তন করতে চান তাও পুলিশকে জানিয়ে করতে হবে।
আগামী মে মাসে এই আদেশটির ওপর একটি শুনানি হবে। সেখানে মধ্যবর্তী এই আদেশটি পূর্ণাঙ্গ করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে। যদি পূর্ণাঙ্গ করা হয় তবে মেয়াদ হবে ২ বছর থেকে অনির্দিষ্টকাল।
গত বছরের মার্চে ইংল্যান্ড এবং ওয়েলসে শারীরিক সম্পর্কের ঝুঁকি সংক্রান্ত এই আদেশটি চালু করা হয়। নিয়ম হচ্ছে কেউ যেকোনো অপরাধ করুক আর না করুক, পুলিশ মনে করলে যে কারও বিরুদ্ধে এই আদেশ দেওয়া যাবে। পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে আদালত আদেশ দেবেন।