শাসকগোষ্ঠীর সাজা চায় জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ায় পদ্ধতিগতভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয়েছে। দেশটিতে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে। এসব ঘটনায় শাসকগোষ্ঠীর শাস্তি চায় জাতিসংঘ। ফাঁস হওয়া এক তদন্ত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ প্যানেল ওই তদন্ত প্রতিবেদন তৈরি করে। তদন্তে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ায় ‘অবর্ণনীয় নির্যাতনের’ প্রমাণ পেয়েছে প্যানেল।
ফাঁস হওয়া ওই প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ায় নির্যাতন, দাসত্ব, যৌন-সন্ত্রাস, ভয়াবহ রাজনৈতিক দমন-পীড়নসহ নানা অপরাধ সংঘটিত হয়েছে। প্যানেলের পক্ষ থেকে এসব ঘটনায় আন্তর্জাতিক আদালত কিংবা ট্রাইব্যুনালে তদন্তের সুপারিশ করা হতে পারে।
প্রায় এক বছর ধরে তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে কয়েক শ পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। শিগগিরই প্রতিবেদনটি প্রকাশ করা হবে।
ফাঁস হওয়া তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির এক খবরে বলা হয়, ত্রাস সৃষ্টির মাধ্যমে উত্তর কোরিয়ায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নীতি অবলম্বন করছে পিয়ংইয়ং। এ ছাড়া মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ পেয়েছে প্যানেল।
প্রতিবেদনে এক নারীর বক্তব্য দিয়ে বলা হয়, ওই নারীর এক শিশুকে পানিতে চুবানোর জন্য কর্তৃপক্ষ তাঁকে বাধ্য করেছিল। এ ছাড়া জন্ম থেকেই শিশুদের কারাগারে অবরুদ্ধ করে রাখা, কারাবন্দীদের খাবার না দিয়ে নির্যাতন করা, এমনকি বিদেশি সোপ অপেরা দেখার অপরাধে বেশ কয়েকটি পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগও পাওয়া গেছে।
জাতিসংঘের আগামী মাসে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করার কথা।
উত্তর কোরিয়ায় স্বপক্ষ ত্যাগীরা বেশ কয়েক বছর ধরে অভিযোগ করে আসছে, প্রয়াত কিম জং-ইলের শাসনামলে বিনা বিচারে লাখ লাখ মানুষকে বন্দিশিবিরে আটক রাখা হয়। দেশের জনগণকে কমিউনিস্ট শাসনের প্রতি অনুগত ও এর প্রতি বিরাগভাজন—এই দুই ভাগে বিভক্ত করে কর্তৃপক্ষ। ভিন্নমতাবলম্বী প্রতিবেশীদের ওপর শাসকশ্রেণীর পক্ষের লোকজন গোপন নজরদারি চালাত বলেও অভিযোগ রয়েছে। এসব তথ্য কয়েক বছর আগেই প্রকাশ হয়েছে। তবে এই প্রথম আন্তর্জাতিক কোনো সংগঠন ওই সব অভিযোগের তদন্ত করেছে।
উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ এই তদন্ত প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগও নাকচ করে দিয়েছে।
২০১১ সালে কিম জন-ইলের মৃত্যুর পর তাঁর ছেলে কিম জং-উন উত্তর কোরিয়ার ক্ষমতায় বসেন। এর পর থেকে তিনি পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে আসছেন।
আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক আইনজীবী জারেড জেনসার দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ায় ‘মানবতাবিরোধী অপরাধ’ বন্ধের দাবি জানাচ্ছেন। তিনি বলেন, জাতিসংঘের এই তদন্ত যুগান্তকারী। কারণ এই প্রথম জাতিসংঘের তদন্তেও উত্তর কোরিয়ায় মানবতাবিরোধী অপরাধের বিষয়টি উঠে এসেছে। এসব অপরাধের জন্য শাস্তি নিশ্চিত করতে জাতিসংঘকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
আইনজীবী জারেড আরও বলেন, ‘উত্তর কোরিয়ায় দশকের পর দশক ধরে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এই অভিযোগ আমরা অনেকে তুলেছিলাম। এখন এসব অভিযোগের তথ্যপ্রমাণ তদন্তেও উঠে এসেছে। এখন প্রশ্ন হলো, এরপর কী?’
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, তদন্তকারী প্যানেল উত্তর কোরিয়ার এসব অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা ট্রাইব্যুনালের মাধ্যমে তদন্তের সুপারিশ করবে। তবে উত্তর কোরিয়াকে আদালতের কাঠগড়ায় দাঁড় করার প্রস্তাব চীন আটকে দিতে পারে। বিবিসি।