শাহজাদ হত্যার অনুমোদন দিয়েছিল পাকিস্তান সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ অ্যাডমিরাল মাইক মুলেন বলেছেন, পাকিস্তান সরকার সে দেশের সাংবাদিক সালিম শাহজাদের হত্যার বিষয়টি আগেই অনুমোদন করেছিল। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।তবে এ হত্যাকাণ্ডের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সরাসরি যোগসাজশ ছিল কি না, বিষয়টি মুলেন নিশ্চিত করেননি। মাইক মুলেনের বক্তব্যকে ‘চরম দায়িত্বজ্ঞানহীনতা’ বলে অভিহিত করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সরকার।পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে গত মাসের শেষের দিকে শাহজাদকে অপহরণ করা হয়। এর দুই দিন পর পাঞ্জাব প্রদেশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ইতালির সংবাদ সংস্থা আদঙ্করোনোস (একেআই) ও এশিয়া টাইমস অনলাইনের সাংবাদিক ছিলেন। নিহত হওয়ার কয়েক দিন আগে তিনি পাকিস্তানের নৌবাহিনী ও আল-কায়েদার মধ্যে সম্পর্ক রয়েছে উল্লেখ করে এশিয়া টাইমস অনলাইনে একটি নিবন্ধ লিখেছিলেন। এ কারণে তিনি আইএসআইয়ের কাছ থেকে হুমকিও পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।শাহজাদ হত্যাকাণ্ডের ব্যাপারে মাইক মুলেন সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তান সরকার আগে থেকেই এ ঘটনা জানত বলে যেসব খবর প্রকাশিত হয়, তা ভুল বলে প্রমাণ করার মতো কোনো বিষয় এখনো আমার চোখে পড়েনি।’ তিনি বলেন, ‘হ্যাঁ, সরকার এটির অনুমোদন দিয়েছিল।’ এ ঘটনায় আইএসআই জড়িত আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আইএসআই জড়িত থাকার কোনো নিশ্চিত প্রমাণ তাঁরা পাননি।মুলেনের এ বক্তব্যের পর গতকাল শুক্রবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ওই বক্তব্য ‘চরম দায়িত্বহীনতার’ পরিচায়ক। বিবৃতিতে বলা হয়, শাহজাদ হত্যাকাণ্ডের তদন্ত করতে সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। মুলেনের এই বক্তব্য তদন্তের গভীরে যেতে সহায়তা করবে বলে সরকার মনে করে না।যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি নিউইয়র্ক টাইমসকে বলেন, এ ব্যাপারে মার্কিন কর্তৃপক্ষের হাতে কোনো তথ্যপ্রমাণ থাকলে তা নিয়ে পাকিস্তানের সঙ্গে মতবিনিময় করা উচিত। আইএসআই বলেছে, শাহজাদ হত্যাকাণ্ডে আইএসআই জড়িত বলে যে খবর বেরিয়েছে, তা মিথ্যা।শাহজাদের ভাই ওয়াসিম বলেন, সত্য কথা লেখার কারণে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। এএফপি ও বিবিসি।