মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বলিউড তারকা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এ সিদ্ধান্ত অগণতান্ত্রিক।শাহরুখের ঘটনাকে ‘তুচ্ছ’ উল্লেখ করে মমতা বলেন, ‘কোনো রাজনৈতিক দল’ ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের ঢোকার ওপর এমসিএর পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ‘কুৎসা’ রটাচ্ছে।গত শুক্রবার মমতা রাজ্য মহাকরণে সাংবাদিকদের এসব কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শাহরুখের পক্ষ নিয়ে বলেন, ‘ওয়াংখেড়েতে শাহরুখকে ঢুকতে দেওয়ার বিষয়টি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পুনর্বিবেচনা করা উচিত।’মমতা সাংবাদিকদের আরও বলেন, ‘আমার মনে হয় শাহরুখকে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে।’ এ ছাড়া ‘খেলাকে শুধু খেলা হিসেবেই নিতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি কথাগুলো মুখ্যমন্ত্রী হিসেবে বলছি না, একজন সাধারণ মানুষ হিসেবে বলছি।’তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বলেন, যে রাজ্যের স্টেডিয়ামের ঘটনা নিয়ে এত শোরগোল, সেই মহারাষ্ট্রের মানুষও শাহরুখ খানের ওপর এই নিষেধাজ্ঞা মেনে নিতে পারবে না। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু টিভিতে যা দেখলাম বা শুনলাম, সেটা তেমন কোনো ঘটনাই না।’ কয়েকটি রাজনৈতিক দল ওই ঘটনায় ‘রং’ দেওয়ার চেষ্টা করছে। এসব রাজনৈতিক দলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না।’গত বুধবার ভারতীয় টেলিভিশনের খবরে দেখা যায়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স ৩২ রানের জয় পাওয়ার পর সঙ্গীদের নিয়ে মাঠে ঢোকার চেষ্টা করেন শাহরুখ খান। এ সময় নিরাপত্তাকর্মীরা তাঁকে বাধা দিলে তিনি তাঁদের ওপর চড়াও হন। একপর্যায়ে এমসিএর কর্মকর্তারা এগিয়ে গেলে তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করেন এই বলিউড তারকা। এ ঘটনায় মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখ খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে।ঘটনার সময় শাহরুখ খান ‘মাতাল’ ছিলেন বলেও অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অভিযোগ করেন। তবে বৃহস্পতিবার অভিযোগ অস্বীকার করে শাহরুখ বলেছেন, ‘আমি মাতাল ছিলাম না। আমি আমার ছেলেদের উঠিয়ে আনতে গিয়েছিলাম। অথচ কর্মকর্তারা মারমুখি আচরণ শুরু করেন। তাৎক্ষণিকভাবে আমি ক্ষুব্ধ হলেও পরক্ষণেই শান্ত হয়ে যাই।’ টাইমস অব ইন্ডিয়া।