শাহরুখের আশা, ক্ষোভ থেকে চলচ্চিত্রকে দূরে রাখবে শিবসেনা
ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানি খেলোয়াড়দের বাদ দেওয়া নিয়ে সমালোচনা করেছিলেন বলিউড তারকা শাহরুখ খান। আর এ সমালোচনা নিয়ে কট্টরপন্থী শিবসেনা দলের তোপের মুখে পড়েছেন তিনি। তবে শাহরুখ আশা করছেন, তাঁর প্রতি এ ক্ষোভ তাঁর অভিনীত আসন্ন চলচ্চিত্র মাই নেম ইজ খান-এর ওপর কোনো প্রভাব ফেলবে না। গত বুধবার নিউইয়র্ক থেকে টেলিফোনে এমন আশাবাদ জানান জনপ্রিয় এ অভিনেতা। বর্তমানে তিনি এ চলচ্চিত্রের প্রচারণার কাজে সেখানে অবস্থান করছেন। শিবসেনার ক্ষোভের প্রসঙ্গ টেনে শাহরুখ বলেন, ‘আমার সঙ্গে কোনো সমস্যা থাকলে সেটার বোঝাপড়া আমার সঙ্গেই হওয়া উচিত। আমার ভাবনা-চিন্তা নিয়ে আমার সঙ্গেই কথা বলতে হবে। আর এর সঙ্গে চলচ্চিত্রকে জড়ানো ঠিক না। ক্ষোভ মেটানোর জন্য চলচ্চিত্রটির বিরুদ্ধে কাজ করা উচিত না। আশা করছি, তারা (শিবসেনা) এমনটি করবেও না। সিনেমাটি মুক্তি পাবে এবং দর্শকেরা এটা গ্রহণ করবেন।’আইপিএল থেকে পাকিস্তানি খেলোয়াড়দের বাদ দেওয়া নিয়ে শাহরুখের সমালোচনার পরিপ্রেক্ষিতে শিবসেনা হুমকি দেয়, তারা এ বলিউড তারকার সিনেমা প্রদর্শনে বাধা দেবে। পিটিআই অনলাইন।