শিকাগোতে প্রতিবেশী ও সহকর্মীর মেয়ের বিয়েতে ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত শনিবার শিকাগো নগরে তাঁর এক প্রতিবেশী ও দীর্ঘদিনের বন্ধুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তার মেয়ের বিয়ের ওই অনুষ্ঠানে ফার্স্ট লেডি মিশেল ওবামাসহ তাঁদের দুই মেয়ে মালিয়া ও সাশাও যোগ দেয়।হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা ভ্যালেরি জারেটের মেয়ে লরা জারেটের বিয়েতে ওবামা-পরিবার ছাড়াও মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। ভ্যালেরি শুধু হোয়াইট হাউসের কর্মকর্তাই নন, তিনি প্রেসিডেন্টের দীর্ঘদিনের বন্ধু। শিকাগোয় ওবামার বাড়ির কাছেই ভ্যালেরির বাড়ি। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হেঁটেই বিয়েবাড়িতে যায় ওবামা-পরিবার। এ সময় ওবামার পরনে ছিল হালকা বাদামি স্যুট। ক্রিম রঙের স্কার্ট পরেছিলেন ফার্স্ট লেডি মিশেল, সাশার পরনে ছিল সবুজ আর মালিয়া পরেছিল হলুদ রঙের পোশাক।ওবামা-পরিবার ওই বিয়েতে যোগ দেবে বলে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ওই এলাকা এবং এর আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়াকড়িও ছিল চোখে পড়ার মতো।হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ওবামা-পরিবার শনিবার লরা জারেটের বিয়েতে যোগ দিতে যাচ্ছে।’ বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া ব্যক্তিগত ইভেন্ট বলে এ ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। রয়টার্স।