শিকাগোতে ১ মে জড়ো হবে শ্রমিক সমাজ
সারা বিশ্বের মতো যুক্তরাষ্ট্রের শিকাগো নগরেও আগামী ১ মে আন্তর্জাতিক শ্রম দিবসে জড়ো হচ্ছে শ্রমিক সমাজ। নগরের হে মার্কেট এলাকায় ১৮৮৬ সালের রক্তক্ষয়ী ঘটনার পর থেকেই সারা বিশ্বে শ্রমিক সংহতির জাগরণ ঘটেছিল। এত বছর আগের রক্তাক্ত ঘটনাপ্রবাহ যুক্তরাষ্ট্রের আজকের শ্রমিক সমাজ তেমন মনে করে না। অথচ প্রতিবছর শ্রমিক ও উদারনৈতিক নাগরিক সংগঠনগুলো নিজেদের মতো করে দিবসটি পালন করে থাকে।
বিশ্বের শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের সংগঠনগুলো নিজেদের আয়োজনে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে থাকে। দিবসটি উপলক্ষে এবার শিকাগোর হে মার্কেটে সমাবেশ ডাকা হয়েছে। শ্রমিক জাগরণের চেতনা নিয়ে ওই দিন থাকবে নানা অনুষ্ঠান। আন্তর্জাতিক মে দিবসের ১২৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিচ্ছেন গোটা যুক্তরাষ্ট্রের শ্রমিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।
শিকাগো নগরজুড়ে হে মার্কেট ঘটনার স্মরণে রয়েছে বেশ কয়েকটি ভাস্কর্য। এর মধ্যে ফরেস্ট পার্ক কবরস্থান-সংলগ্ন বিখ্যাত হে মার্কেট শহীদ স্মৃতি ভাস্কর্য। এটির পাদদেশে খোদাই করা আছে আত্মাহুতি দেওয়া এক শ্রমিকের শেষ উক্তি। সেখানে বলা হয়েছে, ‘দিন আসবে যখন আমাদের নীরবতা তোমাদের আজকের গলা চাপার চেয়ে তীব্র হয়ে উঠবে।’
শিকাগোর দোকান কর্মচারী বার্ট ভেলেনটানি জানালেন, রক্তক্ষয়ী ঘটনার এত বছর পরও যুক্তরাষ্ট্রের শ্রমিকদের কণ্ঠরোধ করা হচ্ছে নানা কৌশলে। কিউবা থেকে আসা এই অভিবাসী জানালেন, ১ মে তারিখে তাঁর ছুটি নেই। দিনটিতে সরকারি ছুটি নেই যুক্তরাষ্ট্রে। কাজ শেষে বিকেলের হে মার্কেটের শোভাযাত্রায় যোগ দেবেন তিনি।
শিকাগোর সেলাই কারখানার কর্মী ভিকি গর্ডন জানালেন, যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পালিত ‘লেবার ডে’ সরকারি ছুটির দিন। ১ মে কেবলই শ্রমিকদের উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিবছরের মতো এবারও হে মার্কেট ভাস্কর্যে গিয়ে ফুল দিয়ে আসব আমি।’
হে মার্কেট সমাবেশের উদ্যোক্তারা শ্রমিক ও নাগরিক অধিকারের কর্মীদের লাল জামা ও কালো প্যান্ট পরে সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। শ্রমিক জাগরণের স্লোগান, নাগরিক অধিকারে দাবি-দাওয়ার পোস্টার নিয়ে সমাবেশে যোগ দেবেন লোকজন। দিনভর অন্তত অর্ধশতাধিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেবেন। জাগরণের কবিতা, সংগীত ও ড্রাম বাজিয়ে দিবসটিকে পালন করার প্রস্তুতি চলছে শিকাগো নগরে। দিনের শেষভাগে হে মার্কেট থেকে শোভাযাত্রা শুরু হবে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন সংস্কারের দাবি এবং সর্বজনীন স্বাস্থ্যবিমা আইন বাস্তবায়নে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে শোভাযাত্রা থেকে স্লোগান দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাম ঘরানার লোকজন প্রতিবছরের মতো এবারও মে দিবসের অনুষ্ঠানমালা নিয়ে সক্রিয় হয়ে উঠেছেন। শিকাগোর মতো প্রতিটি প্রধান নগরে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন অকুপাই আন্দোলনের কর্মী-সমর্থকেরা। অকুপাই আন্দোলনের সংগঠকেরা বলেছেন, মে দিবসের প্রতিটি সমাবেশে যেন যুক্তরাষ্ট্রের অভিবাসী শ্রমিকদের দাবি উচ্চারিত হয়।
‘ফাইট ব্যাক’ নামের বাম ঘরানার এক প্রচারপত্রে বলা হয়েছে, শ্রমিকেরা যেন তাঁদের দাবি দাওয়া নিয়ে সোচ্চার হয়ে হে মার্কেট সমাবেশে যোগ দেন। অভিবাসন সংস্কার, ডিপোর্টেশন বন্ধ করা, নাগরিকদের আয়ের বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়েছে ফাইট ব্যাকের প্রচারপত্রে।
হে মার্কেট সমাবেশের অন্যতম সংগঠক আরটেসিও এরিওলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘বিশ্বের শ্রমিকদের সঙ্গে সংহতি জানানোর জন্য আমরা সমাবেশ করছি। এ সমাবেশে যুক্তরাষ্ট্রের শ্রম গোষ্ঠীর চলমান সমস্যা নিয়ে আমরা সোচ্চার হব।’
আরটেসিও এরিওলা বলেন, ‘যুক্তরাষ্ট্রে এখনো ভিন্ন ধারার শ্রম বঞ্চনা চলছে। ঘাপটি মেরে থাকা বর্ণবৈষম্যের অবসান, অভিবাসন সমস্যা নিয়ে বঞ্চিত শ্রমিকদের দাবি নিয়ে আমরা কথা বলব।’
সমাবেশের অন্যতম সংগঠক ডেভিড রোজাস বলেন, ‘যুক্তরাষ্ট্রের রক্ষণশীলরা এখনো শ্রমিকদের দমিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধ। এখনো এখানে বর্ণবৈষম্য, পুলিশি নির্যাতনের ঘটনা ঘটছে।’ নিম্ন আয়ের লোকজনের জন্য জীবন কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কর্মসংস্থান বৃদ্ধি, বেকার-ভাতার মেয়াদ বৃদ্ধিসহ নাগরিক অধিকারের মৌলিক দাবিগুলোর যুথবদ্ধ আওয়াজ উঠবে এবারের হে মার্কেটের অনুষ্ঠান থেকে।