আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের শিকাগো নগরে গতকাল রোববার দুই দিনব্যাপী ন্যাটো সম্মেলন শুরু হয়েছে।বিশ্বের প্রধান সামরিক জোট ন্যাটোর এই সম্মেলন ঘিরে শিকাগো উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন দেশে ন্যাটোর আগ্রাসনের প্রতিবাদ জানাতে শুক্রবার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিক্ষোভকারীরা শিকাগোয় জড়ো হয়। ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনকারীরাও শিকাগোর এই বিক্ষোভে যোগ দেয়। পুলিশ ১৪ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।সম্মেলনে ৬০টির বেশি দেশের নেতারা অংশ নিচ্ছেন। সম্মেলন উপলক্ষে শিকাগোর নিরাপত্তাও জোরদার করা হয়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বাইরে এই প্রথমবারের মতো ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।ন্যাটোর দুই দিনব্যাপী সম্মেলনে আফগান প্রসঙ্গ ছাড়াও গ্রিসে ঋণসংকটসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করার কথা রয়েছে। তবে ফ্রান্স চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে তার সেনা প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছে। এর আগে ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ফ্রান্সের সেই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।এদিকে সম্মেলন শুরুর আগেই সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: ফ্লোরিডার ব্রায়ান চার্চ (২০) ও ব্রেন্ট ভিনমেন্ট এবং নর্থ হ্যাম্পশায়ারের জারেড বেইজ (২৪)। তাঁদের বিরুদ্ধে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী কার্যালয়ে হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। পুলিশ তাঁদের অভ্যন্তরীণ ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছে। গত শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী ওই তিনজনের মুক্তির দাবিতে শিকাগোতে সমাবেশ করে।বড় ধরনের বিক্ষোভ-সমাবেশ ঠেকাতে গতকাল পুলিশ নিরাপত্তা বেষ্টনী ব্যবহার করে শিকাগো নগর অবরুদ্ধ করে রাখে। তবে এর মধ্যেও প্রতিবাদকারীরা বিক্ষোভ করে। শিকাগোর পুলিশপ্রধান গ্যারি ম্যাকার্থি জানান, বিক্ষোভের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। জন চলাচল ব্যাহত করার অভিযোগে শনিবার রাত পর্যন্ত অন্তত ১৪ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার বিকেলে বিক্ষোভকারীরা স্লোগান নিয়ে মেয়রের বাসভবনের দিকে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীদের হাতে ‘বোমা নয় খাদ্য’, ‘যুদ্ধ নয় কল্যাণ’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভকারীরা ন্যাটো নেতাদের যুদ্ধ বন্ধ, বৈষম্য কমানো ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।