শিক্ষক, ছাত্রছাত্রী ও মানবাধিকার-কর্মীসহ যাঁরা হামলার ঝুঁকিতে আছেন তাঁদের রক্ষার জন্য পাকিস্তান সরকারকে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে। গতকাল শুক্রবার হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে এ কথা বলা হয়। এইচআরডব্লিউ তালেবান, আল-কায়েদা ও তার সহযোগীদের শিশু, স্কুল ও শিক্ষাবিদদের ওপর হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছে। এ ছাড়া সংগঠনটি বলেছে, পাকিস্তান সেনাবাহিনীকে স্কুলগুলোতে ঘাঁটি বানানো থেকে বিরত থাকা উচিত।পাকিস্তানে এ বছর ৯৬টি স্কুলে হামলার ঘটনা ঘটেছে। তবে ২০১১ সালে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে ১৫৩টি এ রকম হামলা হয়েছে। এইচআরডব্লিউর পাকিস্তানের পরিচালক আলী দাইয়ান হাসান বলেন, বিশ্বের যেসব জায়গায় স্কুলে যাওয়া সবচেয়ে বিপজ্জনক তাদের মধ্যে পাকিস্তানেরও কিছু জায়গা রয়েছে। পাকিস্তান সরকার যদি হামলাকারী বা অপরাধীদের বিচার করতে পারে তবেই কেবল এ ধরনের হামলা বন্ধ হবে। ৯ অক্টোবর স্কুলছাত্রী মালালা ইউসুফজাইয়ের মাথা ও গলায় গুলি করে পাকিস্তানি তালেবান। এখনো তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর পাকিস্তানসহ বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। হাসান বলেন, ‘মালালার ওপর হামলার পর বিশ্বজুড়ে বিস্ময়করভাবে প্রতিক্রিয়া দেখা গেছে। কিন্তু আমাদের সব সময় স্কুল ও ছাত্রছাত্রীদের ওপর হামলা হলে এ ধরনের প্রতিক্রিয়া দেখানো উচিত।’ ডন অনলাইন।