শিক্ষার জন্য লড়াই চালিয়ে যাব: মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেদারল্যান্ডসের হেগ শহরে গত শুক্রবার পুরস্কার গ্রহণ করছে মালালা  এএফপি
নেদারল্যান্ডসের হেগ শহরে গত শুক্রবার পুরস্কার গ্রহণ করছে মালালা এএফপি

শিশুশিক্ষার জন্য লড়াই অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে মালালা ইউসুফজাই। পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের সুপরিচিত এ কর্মী গত শুক্রবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেছে। মালালা এ সময় বলে, সে এমন একটি বিশ্ব গড়ার জন্য লড়াই করছে, যেখানে সব শিশুই স্কুলে যেতে পারবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালালা বলে, তালেবানের হাতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তাকে দমাতে পারেনি। বরং নারী শিক্ষার পক্ষে লড়ার জন্য আরও প্রত্যয়ী করে তুলেছে। মালালা বলে, ‘ওরা (তালেবান) আমাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু আমি ছাড়াও আরও হাজারো মেয়ে রয়েছে। ওদের জন্য আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে, যাতে বিশ্বের সব শিশুই তাদের স্কুলে যাওয়ার অধিকার ভোগ করতে পারে।’ এ সময় সমবেত হাজারো শুভার্থী করতালি দিয়ে তাকে উৎসাহ জোগায়।
মালালার হাতে পুরস্কার তুলে দেন ২০১১ সালে শান্তিতে নোবেলজয়ী ইয়েমেনের সাংবাদিক ও মানবাধিকার কর্মী তাওয়াক্কুল কারমান। মালালার সাহসিকতার প্রশংসা করে কারমান বলেন, ‘তুমি আমার হিরো। কোনো মেয়েকে আর কেউ পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। যে মুহূর্তে তোমার মাথা লক্ষ্য করে ওই বুলেট ছোড়া হয়েছিল, সেই মুহূর্তটি তোমার দেশের ইতিহাসের মাইলফলক।’
গত বছরের অক্টোবরে তালেবান জঙ্গিরা খুব কাছ থেকে মালালার মাথায় গুলি করে। পরে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা দিয়ে তার জীবন বাঁচানো সম্ভব হয়। এরপর সব শিশুর শিক্ষার অধিকার বিষয়ে আবারও প্রচারণা শুরু করে সে।
মালালা বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করছে। নারী শিক্ষার পক্ষে অব্যাহত লড়াইয়ের জন্য এবার নোবেল শান্তি পুরস্কারের প্রতিদ্বন্দ্বীদের তালিকায় তার নাম রয়েছে। এএফপি।