শিক্ষাসংক্রান্ত স্বাক্ষর অভিযানে প্রথম সই মালালার
বিশ্বব্যাপী স্কুলে শিশুদের নিরাপদ উপস্থিতির অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে এক স্বাক্ষর সংগ্রহ অভিযানে প্রথম সই করেছে পাকিস্তানের মালালা ইউসুফজাই। জাতিসংঘের শিক্ষাবিষয়ক বিশেষ দূতের পৃষ্ঠপোষকতায় সোমবার এই অভিযান শুরু হয়েছে।হাফিংটন পোস্ট-এ প্রকাশিত এক নিবন্ধে জাতিসংঘের শিক্ষাবিষয়ক বিশেষ দূত গর্ডন ব্রাউন বলেন, কোয়েটায় বাসে হামলা চালিয়ে ১৪ জন মেয়ে শিক্ষার্থীর হত্যার প্রেক্ষাপটে এ স্বাক্ষর গ্রহণ অভিযান শুরু করা হয়েছে।নিবন্ধে ব্রাউন লেখেন, ‘স্কুলে যেতে চাওয়ায় মালালা এবং তার দুই বন্ধু কাইনাত ও শাজিয়াকে সন্ত্রাসবাদীদের হত্যার চেষ্টা—নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতার নিষ্ঠুরতম এই ঘটনার আট মাস পর এ অভিযান শুরু হয়েছে।’ব্রাউন আরও বলেন, ‘স্কুলে না যাওয়া পাঁচ কোটি ৭০ লাখ মেয়ে ও ছেলেশিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি দাবি জানিয়ে ১২ জুলাই মালালা দিবসকে সামনে রেখে আমরা বিশ্বব্যাপী এই অভিযান শুরু করছি।’এদিকে নারী শিক্ষা আন্দোলনের সাহসী কর্মী মালালাকে আগামী ১২ জুলাই জাতিসংঘের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হবে বলে আশা করা হচ্ছে। গত বছর তালেবানের গুলিতে গুরুতর আহত হওয়ার পর জনসমক্ষে এটাই হবে তার প্রথম উপস্থিতি। বিবিসি।