শিকড়বাকড় ও ব্যাঙ খেয়ে বৈরী মরুতে তিন সপ্তাহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ের নিচে মরুভূমির তপ্ত বালু। তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ রকম প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে শুধু গাছের শিকড়বাকড় ও ব্যাঙ খেয়ে অন্তত তিন সপ্তাহ টিকে ছিলেন এক ব্যক্তি! যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে ঘটেছে এ ঘটনা।২৮ বছর বয়স্ক ওই লোকের নাম উইলিয়াম মার্টিন লাফেভার। তিনি পুরোপুরি সুস্থ-সবল মানুষও নন। অটিস্টিক অর্থাৎ মানসিক বৃদ্ধির সীমাবদ্ধতায় আক্রান্ত। গত বৃহস্পতিবার ইউটাহর প্রত্যন্ত এসকালান্তে মরুভূমি এলাকা থেকে তাঁকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়ার সময় লাফেভার এতটাই দুর্বল ছিলেন যে তাঁর হাঁটার শক্তিও ছিল না। এসকালান্তে নদীর তীরে বসে দুর্বলভাবে হাত নাড়াতে দেখে পুলিশের একটি হেলিকপ্টার তাঁকে শনাক্ত করে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, লাফেভার জুনের প্রথমদিকে তাঁর বাবাকে ফোন করে জানান, ইউটাহতে হাইকিংয়ে (পায়ে হেঁটে ভ্রমণ) বের হওয়ার পর তাঁর টাকা-পয়সা ফুরিয়ে গেছে। সাহায্যকারী সঙ্গী কুকুরটিও পালিয়ে গেছে। সেটাই ছিল তাঁর পরিবারের সঙ্গে শেষ যোগাযোগ। লাফেভারের লক্ষ্য ছিল হেঁটে অ্যারিজোনার পেজ-এ যাওয়া।লাফেভার উদ্ধারকারীদের জানান, সঙ্গে থাকা খাবার দ্রুত শেষ হয়ে গেলে তিনি মাটি খুঁড়ে গাছের শিকড় সংগ্রহ করে এবং নদী থেকে ব্যাঙ ধরে খেয়ে জীবন বাঁচান। লাফেভারের ধারণা, তিনি ইউটাহর ৩০০ ফুট গভীর গিরিখাতগুলোর ভেতর দিয়ে প্রচণ্ড গরমের মধ্যে অন্তত ৫০ মাইল পথ হেঁটে অতিক্রম করেন। লাফেভারকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়টার্স।